বরিশাল সিটি নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন করায় কয়েকজন প্রার্থীকে সতর্কতা

আপডেট : ২২ মে ২০১৩, ২১:৪০
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় তিন মেয়র প্রার্থী এবং বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে সতর্ক করে দিয়েছেন এখানকার উপ-নির্বাচন কমিশন। সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১০-এর ৬ (৪) ধারা অনুযায়ী মোটর মহড়া ও শো-ডাউন দেয়া নিষিদ্ধ। এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ৯ মে মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন ও ২০ মে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল ঢাকা থেকে বরিশাল আসার সময় সংবর্ধনা গ্রহণ ও নগরীতে মোটর শোভাযাত্রা সহকারে শো-ডাউন করেন। দুই জোটের দুই প্রার্থী প্রায় হাজার খানেক মোটরসাইকেল, প্রাইভেট কার, জীপ ও মাইক্রোবাস নিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন। এছাড়া আচরণ বিধিমালা ২০১০-এর ৪ ধারা অনুযায়ী ভোট গ্রহণের নির্ধারিত তারিখের ২১ দিন পূর্বে কোন প্রার্থী বা তার পক্ষে কোন ব্যক্তি কোন নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না উল্লেখ থাকলেও তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাহমুদুল হক খান মামুন ও দুই জোটের দুই প্রার্থী সমর্থন চেয়ে নগরীতে লিফলেট বিতরণ করেন। স্থানীয় বিভিন্ন পত্রিকায় রঙ্গিন বিজ্ঞাপন দিয়ে ভোট চাওয়াসহ নানা বিধি লঙ্ঘন করার অভিযোগে শওকত হোসেন হিরন, আহসান হাবিব কামাল ও মাহমুদুল হক খান মামুনকে সতর্ক করা হয়েছে বলে রিটার্নিং অফিসার জানান। এ ছাড়াও নগরীর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নারায়ণ চন্দ্র দে নারু রঙিন লিফলেট বিতরণ করেছেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় শো-ডাউন করেছেন প্রভাবশালী প্রায় সকল কাউন্সিলর প্রার্থী। তাদের মধ্যে পাঁচ জনের বেশি প্রার্থীকে সতর্ক করা হয়েছে বলে বরিশালের আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবর রহমান জানান। তিনি বলেন, আচরণ বিধিমালা উল্লেখ করে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। পরবর্তীতে কেউ বিধিমালা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।