বরিশালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলায় ৩ আসামির জামিন

আপডেট : ২২ মে ২০১৩, ২২:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী থাকাকালীন ২০০৪ সালে দক্ষিণাঞ্চল সফরকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যাণ্ডে তার গাড়ি বহরে হামলা করা হয়েছিল। এ ঘটনার মামলায় ৬ আসামির বিরুদ্ধে জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। তাদের মধ্যে ৩ জন গতকাল বুধবার জামিন পেয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২০ জুলাই গৌরনদী থানায় দায়ের করা মামলায় গত ১৯ মে অভিযোগ গঠন করার সময় আদালতে হাজির না থাকায় মামলার ৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, যুবদল নেতা রুবেল হাওলাদার ও হাবুল সরদার গতকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন। উল্লেখ্য, একই মামলার অন্যতম আসামি বিএনপির সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপনসহ বিএনপির ১৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।