রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২২ মে ২০১৩, ২২:০৩
গোলাম আহাদ জামাল জমাদ্দার বরগুনা জেলা প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ও মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গোলাম সরোয়ার কামালের ভাই মালয়েশিয়া বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা মো. গোলাম আহাদ জামাল জমাদ্দার (৬২) রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন। বরগুনার বামনা উপজেলার হোগলপাতি গ্রামের নিজ বাড়িতে গতকাল জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আলহাজ্ব গোলাম সবুর টুলু, বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেন অ্যাডভোকেট প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। মো. আবদুল হান্নান কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবদুল হান্নান (৬৩) গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। কুইয়াপানিয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।