শিবগঞ্জে ভুট্টার বাম্পার ফলন

আপডেট : ২২ মে ২০১৩, ২২:২১
জেলার শিবগঞ্জে এ বছর ভুট্টার বাম্পার ফলন হওয়ায় হাজার হাজার কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষকরা জানান, ধানের চেয়ে ভুট্টা আবাদে খরচ অনেক কম, ফলন হয় বেশি। দরও প্রায় সমান। এক বিঘা জমিতে ধান আবাদ করলে খরচ হয় প্রায় ৬ হাজার টাকা। ধান উত্পাদন হয় ১৫/২০ মণ। বাজারে দাম পাওয়া যায় সাড়ে ১০ থেকে ১৪ হাজার টাকা। তাছাড়া আপদ-বিপদ তো আছেই। অন্যদিকে সমপরিমাণ জমিতে ভুট্টার আবাদে শুরু থেকে শেষ পর্যন্ত খরচ হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা। ফলন হচ্ছে ৩৫/৪০ মণ। যার বর্তমান বাজার দরে মূল্য ২৩ থেকে ২৫ হাজার টাকা। তাছাড়া ভুট্টা রোপণের এক মাস পর থেকে ভুট্টা গাছের পাতা গরু ও ছাগলকে খাওয়ানো যায়। ভুট্টা ভাঙ্গার পর ভুট্টার গাছ ও খোসা থেকে উত্তম জ্বালানি পাওয়া যায়। এবার ইরি-বোরো ধান আবাদের জন্য প্রস্তুতি নিলেও ঘন কুয়াশার কারণে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা বাধ্য হয়ে ভুট্টা চাষ করে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল ফারুক জানান, এ বছরে শিবগঞ্জে ভুট্টার বাম্পার ফলন হওয়ার অন্যতম কারণ কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও কৃষি সমপ্রসারণ বিভাগের মাঠ কর্মীদের তত্পরতা। তিনি আরো জানান, এ বছরে ভুট্টার আবাদ হয়েছে ৩ হাজার ৭শ হেক্টর বিঘা জমিতে। যা গত বছরের চাইতে প্রায় দেড়শ’ হেক্টর বেশি।