পাকিস্তান গেলেন চীনের প্রধানমন্ত্রী

আপডেট : ২২ মে ২০১৩, ২২:২৪
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং দুই দিনের সফরে গতকাল বুধবার পাকিস্তান পৌঁছেছেন। সেখানে তিনি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাত্ করবেন। পাকিস্তান পৌঁছেই চীনা প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্কের প্রশংসা করেন। উল্লে¬খ্য, বাণিজ্য সম্পর্ক জোরদারের অপেক্ষায় থাকা এ দুটি দেশ দীর্ঘদিনের মিত্র। চীনা প্রধানমন্ত্রীর সম্মানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। খবর ডন ও এএফপির। নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) গত ১১ মের নির্বাচনে ব্যাপক জয় পায়। এ নির্বাচনে তারা পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করে। ইসলামাবাদ জানায়, গত বছর প্রথমবারের মতো চীন ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১২ বিলিয়ন মার্কিন ডলারে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে উভয় দেশের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। লি কেকিয়াং ভারত সফর শেষ করে পাকিস্তান যান। প্রধানমন্ত্রী হিসেবে লি’র এটি প্রথম বিদেশ সফর।