গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তফসিল ঘোষিত হওয়ার পর সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় জোরেশোরে নেমে পড়েছেন। বহু প্রতিক্ষীত নির্বাচনী তফসিল ঘোষিত হওয়ার খবরে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের সমর্থনে মিছিল বের করে আনন্দ-উল্লাস করতে দেখা যায়। ‘প্রার্থীদের’ কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর পরই সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ পাড়া-মহল্লার বাসিন্দা ও আপনজন এবং শুভাকাংখীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় পুরোমাত্রায় শুরু করেন। অবশ্য কয়েক মাস ধরে নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেয়র ও কাউন্সিল প্রার্থীরা অনানুষ্ঠানিক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। ওয়ার্ড বিভক্তির পর সৃষ্ট জটিলতা ও ভোটার তালিকা তৈরির কাজ সম্পন্ন না হওয়ায় বেশ কিছুদিন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন ‘প্রার্থী’ ও ভোটাররা। সীমানা বিরোধের কারণে উচ্চ আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক গেজেটকৃত সীমানার উপর তিন মাসের স্থগিতাদেশ দেয়ায় এ অনিশ্চিয়তা দেখা দেয়। ইতিমধ্যে ঈদ, পূজা, নববর্ষসহ বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ভোটারদের শুভেচ্ছা জানিয়ে প্রার্থীরা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানিয়েছেন। সিটি কর্পোরেশনের সর্বত্র প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে।
গাজীপুর ও টঙ্গী পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন হবে আগামী ৬ জুলাই। আর এ নির্বাচনে কে হবেন প্রথম মেয়র এ নিয়ে বড় দুই দলের একাধিক সম্ভাব্য প্রার্থীর মধ্যে চলছে হিসাব-নিকাশ ও জল্পনা-কল্পনা। মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘দলীয়’ প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। তবে নির্বাচনকে ঘিরে দলের একাধিক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দাবি করে মাঠে নেমে পড়েছেন। মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন টঙ্গী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর আলম, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল ও গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া। অ্যাডভোকট আজমত উল্লাহ খান নিজেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ঘোষণা করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দল তাকে সমর্থন দেবে বলে তিনি আশাবাদী। অপরদিকে জাহাঙ্গীর আলম নিজেকে মেয়র প্রার্থী দাবি করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আতাউল্লাহ মন্ডলও দলের সমর্থনলাভের প্রত্যাশা করে প্রচারণা চালাচ্ছেন। অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া মেয়র পদে দলের সমর্থিত প্রার্থী হবেন বলে আশা করছেন। তিনি পোস্টার ছাপিয়ে ও বিলবোর্ড টানিয়ে এবং জনসংযোগ করে প্রচারণা চালাচ্ছেন।
এই নির্বাচনে মেয়র পদে বিএনপির একাধিক প্রার্থী অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এ নিয়ে দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে। যদিও দলের হাই কমান্ড গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে তা এখনো অনিশ্চিত। অনেকে মনে করছেন বিএনপি নির্বাচন বর্জন করতে পারে। আর সে ক্ষেত্রে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ কেউ প্রার্থী হবেন বলে জানাগেছে। তবে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী প্রথম সারির নেতাদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান, সাবেক এমপি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসানউদ্দিন সরকার। এছাড়া বিএনপির প্রার্থী হিসেবে অন্য যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেনঃ কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা শওকত হোসেন সরকার, জাতীয়তাবাদী প্রজন্ম দলের নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেল।
নির্বাচনে জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) কাজী মাহমুদ হাসান মেয়র পদে প্রার্থী হবেন। তিনি অনেক আগে থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ জুলাই। আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে ৬ জুনের মধ্যে। মনোনয়নপত্র বাছাই ৯ ও ১০ জুন এবং প্রত্যাহার করা যাবে ১৭ জুন পর্যন্ত।
