ডিসিসি নির্বাচন নিয়ে জটিলতা, সীমানা নির্ধারণে ফের চিঠি

আপডেট : ২২ মে ২০১৩, ২২:৪৯
ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) সিটির নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের আলোচ্যসূচিতে থাকলেও গতকাল ঘোষণা করা সম্ভব হয়নি। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণেই তফসিল ঘোষণা করেনি ইসি। ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে সুলতানগঞ্জ ইউনিয়নের সীমানা দ্রুত পুনর্বিন্যাসের জন্য গতকালই স্থানীয় সরকার বিভাগকে পুনরায় চিঠি দিয়ে তাগাদা দেয়া হয়েছে। সীমানা পুনর্বিন্যাস ইস্যুতে আপাতত ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে তফসিল ঘোষণা করছে না নির্বাচন কমিশন। স্থানীয় সরকার বিভাগ থেকে বিষয়টি স্পষ্ট করার পরই এই দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি কাজী রকিবউদ্দীন আহমেদ বলেন, নির্বাচন কমিশন ডিসিসি নির্বাচন নিয়ে পুরোপুরি প্রস্তুত রয়েছে। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সুলতানগঞ্জ ইউনিয়নের সীমানা নিয়ে জটিলতার কারণে তারা এখন আইনি দিকগুলো খতিয়ে দেখছেন। এই জটিলতা নিরসন হলেই দুই সিটি নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে। এক প্রশ্নের জবাবে সিইসি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় ডিসিসি নির্বাচন করার বিষয়ে কমিশনকে চিঠি দিয়েছে। কিন্তু সীমানা নিয়ে জটিলতা না কাটলে তফসিল ঘোষণা করা যাচ্ছে না। এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে কমিশনের সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, মো ঃ শাহ নেওয়াজ, ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিকসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগকে তৃতীয়দফা সীমানা নির্ধারণ বিষয়টি নিষ্পত্তি করার জন্য চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়। চলতি সপ্তাহেই সিটি করপোরেশনভুক্ত নতুন ১৩টি এলাকাকে ওয়ার্ডভুক্ত করার বিষয়ে করণীয় নির্ধারণে স্থানীয় সরকার বিভাগের মতামত চায় ইসি সচিবালয়। জবাবে সুলতানগঞ্জের ওই ১৩টি এলাকাকে ওয়ার্ডভুক্ত না করেই ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের অনুরোধ জানায় স্থানীয় সরকার বিভাগ। গত ৯ মে একইভাবে স্থানীয় সরকার বিভাগের কাছে সুলতানগঞ্জ ইউনিয়নের ব্যাপারে মতামত চাওয়া হয়েছিল। তখনও নির্বাচন আয়োজনে কোন সমস্যা নেই বলে কমিশনকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সুলতানগঞ্জের সীমানা বিন্যাস করা হয়নি। তবে কমিশনের চিঠিতে সুলতানগঞ্জকে ৫৭ নম্বর ওয়ার্ড নম্বর দিয়ে ডিসিসির সীমানা বিন্যাস করতে তাগাদা দেয়া হচ্ছে। তা না হলে মামলা-মোকদ্দমা হতে পারে এবং নির্বাচনের তফসিল ঘোষণা করলে আইনি জটিলতার সৃষ্টি হওয়ার আশংকা করা হয়। কারণ সিটি করপোরশেন নির্বাচন আইনের ৪ ধারা অনুযায়ী সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সকল এলাকা নিয়ে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে। আর আইনি জটিলতা তৈরি হলে আগের বারের মত আবারও নির্বাচন ঝুলে যাবে। এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেয়া হচ্ছে।