ক্ষতিগ্রস্ত কনটেইনারে পণ্য

হিথ্রোতে ফ্লাইট বন্ধ হতে পারে বিমানের

আপডেট : ২২ মে ২০১৩, ২২:৫০
যাত্রীদের মালামাল বহনের কাজে ক্ষতিগ্রস্ত ও ত্রুটিপূর্ণ কন্টেইনার ব্যবহার করায় বৃটেনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের কন্টেইনার ব্যবহার করা হলে বিমানকে রেড এলার্ট এয়ারলাইন্সের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে সম্প্রতি হুঁশিয়ার করে দিয়েছে হিথ্রো বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এদিকে এই হুঁশিয়ারির পর বিমান কর্তৃপক্ষের টনক নড়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জন স্টীল বিষয়টি খতিয়ে দেখার জন্য গত রবিবার একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (বিজি-০১৫) গত ১ মে ঢাকা থেকে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অতঃপর ওই বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ দল ফ্লাইটের যাত্রীদের মালামাল বাহী কন্টেইনারগুলো সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তারা ৪টি ক্ষতিগ্রস্ত ও ত্রুটিপূর্ণ কন্টেইনার শনাক্ত করেন এবং এগুলো আর বিমানের উড়োজাহাজে উঠানো যাবে না বলে জানিয়ে দেন। পরদিন উক্ত বিশেষজ্ঞ দল বিমানবন্দর এলাকায় রক্ষিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৪টি খালি কন্টেইনার পান এবং এগুলোর মধ্যে ৩০টিই ব্যবহারের অনুপযোগী বলে উল্লেখ করে। এ ব্যাপারে হিথ্রো বিমানবন্দরে বিমানের স্টেশন ম্যানেজার গত ২ মে ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি জরুরি বার্তা পাঠান। এতে তিনি পুরো ঘটনাটি বর্ণনা করে এ ব্যাপারে করণীয় জানতে চান। হিথ্রো’র সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানকে সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে ব্যবহারে অনুপযোগী কন্টেইনারে মালামাল বহনের ঘটনা পুনরাবৃত্তি হলে বিমানকে রেড এলার্ট এয়ারলাইন্সের তালিকার্ভুক্ত এবং হিথ্রো বিমানবন্দরে বিমানের সকল ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়া হবে বলে জানান। কিন্তু এতে তখনও বিমান কর্তৃপক্ষের টনক নড়েনি। ১৬ মে বিমানের হিথ্রো’র স্টেশন ম্যানেজার ঢাকায় অপর একটি জরুরি বার্তা পাঠান এবং বিমানের অস্তিত্ব রক্ষায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। এরপর বিষয়টি বিমানের ব্যবস্থাপনা পরিচালকের নজরে আসে। তিনি এ বিষয়ে বিমানের গ্রাহক সেবা পরিচালকের কাছে লেখা এক ই-মেইল বার্তায় ঘটনাটি বিমানের জন্য পরিষ্কার বিপর্যয় বলে উল্লেখ করেন। তিনি ১৯ মে ঘটনা খতিয়ে দেখার জন্য বিমানের একজন পরিচালকের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটিকে কয়েকটি বিষয়ের ওপর তদন্ত করে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছেঃ প্রথম ঘটনা কেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলো না, প্রথম ঘটনার পর দ্বিতীয় ঘটনার আগেই প্রতিকারমূলক ব্যবস্থা নেয়া হলো না কেন, এ ধরনের ঘটনার মূল কারণ উদঘাটন করতে হবে, এক্ষেত্রে দায়ী ব্যক্তিদের শনাক্ত বা চিহ্নিত করতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রতিকারমূলক কি ব্যবস্থা নেয়া যায় তার পরামর্শ দিতে হবে।