রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ কঠিন হয়ে পড়েছে :মজীনা

আপডেট : ২২ মে ২০১৩, ২২:৫১
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশে এখন প্রচুর বিদেশি বিনিয়োগ আসা উচিত। চীনের বাইরে অনেক বিনিয়োগ হচ্ছে। কিন্তু বাংলাদেশে বিনিয়োগ আসছে না। রাজনৈতিক অস্থিরতার কারণে ডলার আসা কঠিন হয়ে পড়েছে। সহিংসতা কাম্য নয় কোনভাবেই। গতকাল বুধবার সকালে আমেরিকান সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে ড্যান মজীনা এ কথা বলেন। আগামী ২৬ ও ২৭ মে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপ বিষয়ে অবহিত করতে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে এখানকার রাজনৈতিক পরিস্থিতি, সংলাপসহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন মার্কিন রাষ্ট্রদূত। ড্যান মজীনা বলেন, আসন্ন সংলাপে সহিংসতা ও রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে আলোচনা হবে। অব্যাহত রাজনৈতিক অস্থিরতা উদ্বেগজনক। সব রাজনৈতিক পক্ষের শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশের অধিকার আছে। শান্তিপূর্ণ মত প্রকাশের ব্যবস্থা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিরোধীদলেরও দায়িত্ব শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ বা মত প্রকাশ করা। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ২০০৬ বা ২০০৭ সালের অবস্থা এখন নেই। এটা ২০১৩ সাল। সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। ঐ সময়ে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে সবাই শিক্ষা নেবে। বিদেশি বন্ধু হিসেবে আমরা সংলাপ প্রক্রিয়ার অংশ নই। বাংলাদেশিরা সমস্যার সমাধান করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে এগুবেন। সংলাপ প্রক্রিয়ার প্রাথমিক কাজগুলো হচ্ছে। কিন্তু খুব ধীরে এগুচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সংলাপ কঠিন। এক পক্ষ অপর পক্ষকে বুঝতে পারছে না। তাই বিষয়টি সহজ নয়। খুব দ্রুতও হবে না। আশা করি, প্রক্রিয়াটি এগিয়ে যাবে ও গতি পাবে। সবার প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ক্ষেত্র তৈরি করবে। আশা করি. দলগুলো বিলম্ব না করে দ্রুত এগুবে। ড্যান মজীনা বলেন, মার্কিন বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত এখন প্রক্রিয়াধীন। জিএসপি ইস্যুর সঙ্গে প্রস্তাবিত টিকফা চুক্তির কোন সম্পর্ক নেই। বাংলাদেশ যদি টিকফা চুক্তিকে ভাল মনে না করে কখনোই সই করা উচিত নয়। আমরা সই করতে পুরোপুরি তৈরি। তিনি বলেন, সকল গার্মেন্টস কারখানায় নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অর্ধেক নয়, শতভাগ কারখানায় নিরাপত্তাসহ উপযুক্ত মান থাকতে হবে। তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ড ও রানাপ্লাজা ট্রাজেডির পর এসব মানের বিষয় সামনে চলে এসেছে। শ্রম অধিকার বিশেষ করে কর্মীদের নিরাপত্তা, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে। বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীর চিঠি সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত মজীনা বলেন, এ ব্যাপারে কোন মন্তব্য করব না। তিনি কি বলেন সেটা তারই জানা। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ট্রেড ইউনিয়ন আছে। সব নাগরিকের শ্রমিক সংগঠন করা ও যোগ দেয়ার অধিকার আছে। রাষ্ট্রদূত জানান, আসন্ন অংশীদারিত্ব সংলাপে মূলত উন্নয়ন ও সুশাসন, লক্ষ্য ও বিনিয়োগ, নিরাপত্তা ও আঞ্চলিক সহায়তা এই চারটি ইস্যুতে আলোচনা হবে। আসন্ন সংলাপ দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তি রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন সংলাপে নেতৃত্ব দেবেন। মার্কিন প্রতিনিধি দলে পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগনের ছয়জন সহকারী ও উপসহকারী সচিব পর্যায়ের নীতি নির্ধারক থাকবেন। সাংবাদিক সম্মেলনে আমেরিকান সেন্টারের পরিচালক ভিরাজ লাইবেলি, প্রেস এন্ড ইনফরমেশন অফিসার কেলি ম্যাক কার্থিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।