বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, ৫ মে হেফাজতের সমাবেশে ১৮ দল অর্থ যোগান দিয়েছে বলে আদালতকে দেয়া হেফাজতে ইসলামের নেতা বাবুনগরীর যে জবানবন্দি প্রচার করা হয়েছে তা অসত্য। জবানবন্দি প্রদানকালে ওখানে সাংবাদিকদের উপস্থিতি ছিলো না, আইনজীবীদের অনুপস্থিতি ছিল। কোন্ পরিস্থিতিতে কি বলেছেন তা পরিষ্কার নয়। তবে অপেক্ষা করা ছাড়া এর শেষ কথাটি বলা যাবে না।
গতকাল বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদু রাজনৈতিক সংকট নিরসনে অবিলম্বে সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, সময় ফুরিয়ে গেলে তখন আলোচনার দরকার হবে না। তখন আলোচনা হবে রাজপথে। দুদু বলেন, জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক বিশেষ দূত সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর নেয়া উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা মনে করেছিলাম সরকার এ ব্যাপারে উদ্যোগ নেবে। সৈয়দ আশরাফও বলেছিলেন দু-একদিনের মধ্যে তারা সংলাপের জন্য আমাদের চিঠি দেবেন। কিন্তু চিঠি আর আসে না।
