টঙ্গীতে এসআইয়ের ধাক্কায় ট্রাকের নিচে পড়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২২ মে ২০১৩, ২২:৫৩
টঙ্গীর এরশাদ নগর পুনর্বাসন এলাকায় গত মঙ্গলবার রাতে পুলিশের এক এসআইয়ের ধাক্কায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে স্থানীয় ফল ব্যবসায়ী নিজাম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে দুই পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, রাত ১১টায় এরশাদ নগরে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের জন্য অভিযান চালায় পুলিশ। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এরশাদ নগর বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী আসলামকে আটক করা হয়। আসলামের মামা নিজাম পুলিশের গাড়ির কাছে গিয়ে তাকে আটকের কারণ জানতে চান। এতে এসআই খায়রুল বাশার রেগে নিজামকে ধাক্কা দিয়ে মহাসড়কে ফেলে দিলে দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং প্রায় ৫০টি গাড়ি ভাংচুর করে। এক পর্যায়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম ও জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। টঙ্গী মডেল থানার ওসি জানান, এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে এসআই খাইরুল বাশারকে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে এসআই খায়রুল বাশারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মাদক ব্যবসায়ী আসলামকে আটকের পর তার মামা নিহত নিজাম মদ্যপান করে আসামি ছিনিয়ে নিতে জোর চেষ্টা চালায়। তাকেও গ্রেফতারের হুমকি দিলে পালানোর চেষ্টার সময় দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে নিজাম মারা যান।