সুন্দরগঞ্জে হাজার হেক্টর আমন আবাদে হুমকি

আপডেট : ২২ মে ২০১৩, ২২:৫৩
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের ল্যাংগা খালটি পূর্ণাঙ্গ পরিকল্পনার ভিত্তিতে পুনঃখনন করা একান্ত জরুরি হয়ে পড়েছে। প্রায় এক হাজার হেক্টর জমির আবাদ হুমকির মুখে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা বন্দরে ঘাঘট নদ থেকে উত্পত্তি হয়ে সর্বানন্দ, রামজীবন, ধোপাডাঙ্গা ও ছাপড়হাটী ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুর, দাড়িয়াপুর দিয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিলিত হয়েছে। খালটির দৈর্ঘ্য প্রায় ৪৫ কি.মি.। বর্ষাকালে বন্যায় খাল দিয়ে নদের পানি ঢোকে এবং ভারি বর্ষণে নিচু এলাকার প্রায় দুই হাজার হেক্টর জমির আমন ক্ষেত নিমজ্জিত হয়। এ পানি সহজে বের হতে পারে না। খালের প্রস্থ ১২০ ফুট থেকে ১৫০ ফুট পর্যন্ত। সুন্দরগঞ্জ অংশের শেষ ল্যাংগা বাজার পর্যন্ত ২৩ কি.মি. দৈর্ঘ্যের মধ্যে এক হাজার হেক্টর নিচু জমির আমন আবাদ হুমকির মুখে রয়েছে। ল্যাংগা খালটি পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতামুক্ত। এফসিডি সাব প্রজেক্ট এলজিইডি’র আওতায় ৯০ লাখ টাকা ব্যয়ে বামনডাঙ্গা ও ধনিয়ারকুড়া নামক স্থানে ২টি স্লুইস গেট নির্মাণসহ ২০০০ সালে খালটি পুনঃখনন করা হয়। সে সময় ৬০ জন করে সদস্য নিয়ে দুইটি মত্স্য চাষী সমবায় সমিতি গঠন করা হয়। বর্তমানে ১২০ জন মত্স্য চাষী খালের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। কিন্তু বর্তমানে খালটির তলদেশ ভরাট হয়েছে। পানি ধারণক্ষমতা হ্রাস পেয়েছে। ভারি বর্ষণ ও বন্যার পানি ঢুকে নিচু জমির আমন ক্ষেত নিমজ্জিত হলে সহজে পানি বের হয় না। কখনো এ পানি ২ সপ্তাহ স্থায়ী হলে ক্ষেত নষ্ট হয়ে যায়। এ জন্য খালটি পরিকল্পিতভাবে পুনঃখনন জরুরি। ল্যাংগা খালের ভাটিতে আরো ৩/৪টি স্লুইস গেট নির্মাণ করা দরকার। খালটি খননসহ ২ ধারে রাস্তা বা বাঁধ নির্মাণ করাও দরকার। এ রাস্তার বিভিন্ন জায়গায় নিচু জমির পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা অবসানের পথ সৃষ্টি করতে হবে। তাহলে বর্ষাকালে ভারি বর্ষণে নিচু এলাকার রোপা আমন নিমজ্জিত হবে না। খালের রিজার্ভ পানি দিয়ে রবি ফসল ও বোরো ক্ষেতে সেচ দেয়া যাবে। এতে উত্পাদন বৃদ্ধি পাবে এবং সেচ খরচ হবে কম। পুরো খালে মাছ চাষসহ খামার স্থাপন করা যাবে। জীবিকা নির্বাহ করতে পারবে প্রায় ৫ হাজার লোক। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সত্যেন কুমার জানান, এ খালের দু’ধারে প্রায় এক হাজার হেক্টর নিচু জমি রয়েছে। খালটি খননসহ পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হলে আমন, বোরো ও রবি ফসলের উত্পাদন অনেক বৃদ্ধি পাবে। খাল খননের জন্য উপজেলা এলজিইডি বিভাগে আবেদন করা হয়েছে। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শামছুল আরেফিন খান বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে আবেদন পাঠানো হয়েছে। ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহীন জানান, দু’পাড় বেঁধে খাল খনন করা জরুরি। তাতে কয়েক হাজার লোক জীবিকা নির্বাহ করতে পারবে। ল্যাংগা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, পরিকল্পিতভাবে খাল খনন করা হলে জনগণের আরো আগ্রহ বাড়বে।