পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রপ্তানিপণ্যের জন্য জিএসপি সুবিধা সামান্য হলেও এটি বাংলাদেশের জন্য খুবই জরুরি। আমরা চাই জিএসপি সুবিধা অব্যাহত থাকুক। কারণ এর সঙ্গে আমাদের ভাবমূর্তি জড়িত। সাভার ট্রাজেডির পর মার্কিন নীতি-নির্ধারকের মধ্যে উদ্বেগ বেড়েছে। এটা স্বাভাবিক। তবে সরকার সব পদক্ষেপ নিচ্ছে। গতকাল বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে ডা. দীপু মনি এ কথা বলেন। পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময়ে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাভার দুর্ঘটনার পর নয়, বেশ আগেই সরকার গার্মেন্টস শিল্পের মনোন্নয়নে অনেক পদক্ষেপ নেয়। তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ডের পর গঠিত কেবিনেট কমিটি কাজ করছে। শ্রম আইন সংশোধন প্রস্তাব মন্ত্রীসভায় পাস হয়েছে। সাভার ট্রাজেডির পর সব কাজ আরো গুরুত্ব পাচ্ছে। তবে গার্মেন্টস শিল্পের মানোন্নয়নে শ্রমিক, মালিক ক্রেতাসহ অনেকে জড়িত। সবাই মিলে চেষ্টা করছি। টিকফা চুক্তি নিয়ে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। চুক্তিটি নীতিগত সিদ্ধান্তের বিষয়। সব স্তর পার হলে চূড়ান্ত হবে। মন্ত্রীসভার সিদ্ধান্ত ছাড়া কিছুই বলা যাবে না। গত ১৭ মে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনা প্রসঙ্গে ডা. দীপু মনি বলেন, দ্বিপাক্ষিক সব ইস্যু নিয়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ২৬ ও ২৭ মে ঢাকায় দুই দেশের মধ্যে অংশীদারিত্ব সংলাপ হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধাপরাধের বিচার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। জামাত শিবিরের সহিংস কার্যক্রম, শ্রম আইন সংশোধন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সংলাপের আমন্ত্রণ সম্পর্কে অবহিত করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে পাট ও বস্ত্রমন্ত্রীর চিঠি লেখা সম্পর্কিত প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, পাটমন্ত্রী ব্যক্তিগতভাবে ই-মেইলের মাধ্যমে চিঠিটি পাঠান। জানতে চান রাষ্ট্রদূতের বক্তব্য সঠিক কিনা। আমি পাটমন্ত্রীর সঙ্গে কথা বলেছি বিষয়টি জানতে চেয়েছি।
জেনেভায় মানবাধিকার শুনানিতে “পররাষ্ট্রমন্ত্রী অসত্য বলেছেন”— মানবাধিকার নেত্রী সুলতানা কামালের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে দীপু মনি বলেন, উনার বক্তব্য খুবই দুঃখজনক। আমি শুনানিতে কি বলেছি তা ওয়েব সাইটে আছে। আমি বক্তব্য দেয়ার পর সুলতানা কামাল অভিনন্দন জানান। প্রশংসাও করেছেন। কিন্তু এরপর কি ঘটে গেল? শুনানি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে সত্য এড়িয়ে গেলে তিনি প্রশংসা করতেন না। মানবাধিকার লংঘনের জন্য পুলিশ ও র্যাবের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ মারাও গেছে। পুলিশের জন্য কি মানবাধিকার নেই। দুই পক্ষের গোলাগুলি বা আক্রমণ না হলে পুলিশ মারা যাবে কেন? দীপু মনি আরো বলেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার দরজা খোলা। সংলাপের মধ্য দিয়ে সমস্যার সমাধান হতে পারে। সহিংসতার পথ পরিহার করতে হবে। বিরোধী দল বিভ্রান্তি সৃষ্টি করেছে। লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা কাম্য নয়।
