রাজধানীতে প্রায় ১০ হাজার অবৈধ ভবন ও স্থাপনার তালিকা নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে। উচ্ছেদ তালিকায় গুলশান এভিনিউস্থ আকাশচুম্বী ২২ তলা জব্বার টাওয়ার ও ২০ তলা ইকবাল টাওয়ারসহ অনেক হাইরাইজ বিল্ডিং রয়েছে। গত মঙ্গলবার থেকে যৌথ এই কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর গোড়ান এলাকা থেকে।
গতকাল বুধবার দিনব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম চলে। প্রথম ও দ্বিতীয় দিনে প্রায় ৮টি ভবনে উচ্ছেদ কার্যক্রম চলছে। প্রথম ধাপে রাজউকের অনুমোদিত নকশার বাইরে গড়ে তোলা ভবন ও অবৈধ স্থাপনার বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা হচ্ছে। দুই শতাধিক উচ্ছেদ কর্মী এতে অংশ নেয়। উচ্ছেদ অভিযানে সহায়তা করে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য।
রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আব্দুল মান্নান ইত্তেফাককে বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) উচ্ছেদ অভিযানে অংশ নেয়ায় যৌথ অভিযানের শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। যৌথ অভিযানে রাজউকের কর্মকর্তাদের কাজে কোনো অনিয়ম বা দুর্নীতির ব্যাপারেও সবার স্বচ্ছ ধারণা থাকবে। তিনি বলেন, পর্যায়ক্রমে গুলশান এভিনিউয়ে অবস্থিত অবৈধভাবে গড়ে তোলা সুউচ্চ ২২ তলা জব্বার ও ইকবাল টাওয়ার ও ভেঙ্গে ফেলা হবে।
গত মঙ্গলবার থেকে রাজধানীর গোড়ানে রাজউকের অনুমোদিত ভবনের নকশার বাইরে নির্মিত বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়েছে। গতকাল বুধবার অভিযানকালে ভবন মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করেছে এই যৌথ টিম। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো.নূরুল হুদা ইত্তেফাককে বলেন, রাজধানীতে প্রায় ১০ হাজার অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা আমাদের হাতে রয়েছে। তবে এর সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে। ওই সব অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ অভিযানে দুদক ও রাজউক এক সাথে কাজ করবে। তিনি বলেন, দীর্ঘ দিন যাবত্ রাজউক এই অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করছিলো। সংশ্লিষ্ট ভবন মালিকদের নামে ইতিমধ্যেই চূড়ান্ত নোটিশ জারি করা হয়েছে। রাজউকের নোটিশকে অগ্রাহ্য করেও অনেকে দশ তলার অনুমোদন নিয়ে ২২ তলা পর্যন্ত ভবন তৈরি করেছে। পর্যায়ক্রমে এই সুউচ্চ ভবনগুলোও ভাঙ্গা হবে।
তিনি আলোচিত কয়েকটি ভবনের কথা উল্লেখ করে বলেন, অভিযান শুরুর আগে ওইসব স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে গুলশান এভিনিউয়ে জব্বার টাওয়ার ছয় তলার অনুমতি নিয়ে ২২ তলা (ইউনিয়ন প্রোপার্টিজ লি.) এবং ইকবাল টাওয়ার ছয় তলার অনুমতি নিয়ে ২০ তলা (মালিক এম. এন. এইচ বুলু) নির্মিত ভবনও রয়েছে।
গুলশান এভিনিউ এলাকায় নোমান চৌধুরী ও মনিরুজ্জামান মিলুর মালিকানাধীন দুটি ভবন, ওই এলাকার শফিউর রহমানের ছয় তলা ভবন, গাজী নুরুল ইসলাম গংয়ের আট তলা ভবন, এশিউর প্রোপার্টিজের নয় তলা ভবন, সালাহ উদ্দিন আহমেদের ছয় তলা ভবন, মো. মনিরুজ্জামানের নয় তলা ভবন, আজিজুল হক ও নাজনীন হকের দুটি ভবন সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে ।
তবে দ্রুত উচ্ছেদ অভিযান সফল করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের অভাব রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর ফলে এই উচ্ছেদ অভিযান ধীরগতিতে চলছে।
