আগামী চার বছরের মধ্যে লোকসান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি লাভজনক সংস্থার পরিণত হবে। এজন্য জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক রুটও সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কার্যালয়ে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান এমপি। এ সময় বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জন স্টীল উপস্থিত ছিলেন।
বিমানের উন্নয়নে সাম্প্রতিককালে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীকে জানানো হয়, আগামী নভেম্বরের মধ্যে বিমান বন্ধ হয়ে যাওয়া কয়েকটি অভ্যন্তরীণ রুট পুনরায় চালু করবে। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় বিমান তার রুট সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে। এজন্য খুব শিগগির চারটি সুপরিসর উড়োজাহাজ লীজে আনা হচ্ছে। এছাড়া আগামী ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে আরো দুইটি ৭৭৭ইআর উড়োজাহাজ বিমানের বহরে যোগ হবে। বৈঠকে প্রধানমন্ত্রী বিমানের সার্বিক উন্নয়নে কৌশলগত অংশীদার হিসেবে কোন বিদেশি খ্যাতনামা এয়ারলাইন্সকে খুঁজতে বলেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
