যেসব গ্রাহক বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন তাদের সংযোগ বৈধ করতে আগামী ৩০ মের মধ্যে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে তাদের অর্থদণ্ড ভোগ করতে হবে। আর এই সময়ের মধ্যে আবেদন না করলে সর্বোচ্চ শাস্তি হিসেবে কারাদণ্ড ভোগ করতে হতে পারে। গতকাল বুধবার কারওয়ান বাজারে পেট্রোসেন্টারে আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরের সভাপতিত্বে পেট্রোবাংলার সব পরিচালক এবং বিতরণ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ৩০ মের মধ্যে বাসাবাড়িতে যারা অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন তাদের নিজ উদ্যোগে সংযোগ বৈধ করণে আবেদন ফরম পূরণ করতে হবে। এক্ষেত্রে গ্যাস বিপণন আইন ২০০৪ (গৃহস্থালি) অনুযায়ী আর্থিক দণ্ড ভোগ করে সংযোগ বৈধ করা হবে; কিন্তু যারা এই সময়ের মধ্যে আবেদন করবেন না তাদেরকে বিপণন নিয়মাবলীর পাশাপাশি গ্যাস আইন ২০১০ প্রয়োগ করা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি জেলও হতে পারে।
