যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বৈধ করার একটি বিলে সম্মতি দিয়েছে সিনেটের একটি প্যানেল। এক প্রজন্ম ধরে চলা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি পরিবর্তনের প্রস্তাব সম্বলিত এই বিল নিয়ে জুন মাসে সিনেটে পূর্ণাঙ্গ বিতর্ক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ১ কোটি ১০ লাখ অভিবাসীকে আগামী ১৩ বছরের মধ্যে বৈধ করে নেয়ার কথা বলা হয়েছে বিলে।
গত মঙ্গলবার মার্কিন সিনেটের জুডিশিয়ারি কমিটিতে বিলটি ১৩-৫ ভোটে পাস হয়। কমিটির এই অবস্থানের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। বিলটি তার উদ্দেশ্যেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানান তিনি। অভিবাসননীতি সংস্কার চলতি বছরে ওবামার নির্ধারিত লক্ষ্যগুলোর মধ্যে শীর্ষে আছে।
বিলে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে বিস্তৃত সীমান্তে আরো কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এই সীমান্ত পথেই সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এছাড়া বিদেশ থেকে বিশেষ করে ভারত ও চীন থেকে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মী নেয়ার বিষয়ে উচ্চপ্রযুক্তির কোম্পানিগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার কথাও বলা হয়েছে।
