রাজধানীর উত্তরায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। এরা হলেন জহিরুল ইসলাম (৩০) ও সাজু আকন্দ (৩২)। র্যাব জানিয়েছে, নিহত দু’জনই ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ছিল রেডিসন হোটেলের নারী কর্মী আলেয়া ফেরদৌসী হত্যা মামলার আসামি। গতকাল বুধবার ভোরের দিকে উত্তরার সোনারগাঁও রোডে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, ভোর চারটার দিকে উত্তরার সোনারগাঁও রোডে র্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। এ সময় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় র্যাব সদস্যরা সেটিকে থামতে সংকেত দেন। কিন্তু চালক না থামিয়ে গতি বাড়িতে দিয়ে গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে। এ অবস্থায় র্যাব সদস্যরা প্রাইভেট কারের পিছু নেয়। উত্তরার ১১ নম্বর সেক্টর এলাকায় পৌঁছালে ওই প্রাইভেটকার থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলি থামার পর প্রাইভেট কারের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় জহিরুল ও সাজুকে পাওয়া যায়। এ অবস্থায় র্যাবের ডিএডি আলীউজ্জামান তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
র্যাব-১ এর অপারেশন অফিসার মঞ্জুর মোর্শেদ জানান, এ চক্রটি মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেট কার ও মাইক্রোবাসে যাত্রী পরিবহনের নামে ছিনতাই করে থাকে। তারা হতভাগ্য যাত্রীদের লাঞ্ছিত, গুরুতর আহত করে। আবার অনেক সময় হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এ চক্রের হাতেই নিহত হন হোটেল রেডিসনের নারীকর্মী আলেয়া ফেরদৌস।
জহিরুলের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্ব বলিয়াদহ গ্রামে। তার পিতার নাম আব্দুস ছালাম। সাজু আকন্দের পিতার নাম সামছুল আকন্দ। সে ৫৫১, পূর্ব বাড্ডা, সিকান্দারবাগের বাসিন্দা।
তাদের ব্যবহূত প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল, ৬টি গুলি , ২টি চাপাতি ও একটি হাতুড়ি।
