গৌরীপুরে শ্রমিক বিক্ষোভ লাঠিচার্জে আহত অর্ধশতাধিক

আপডেট : ২২ মে ২০১৩, ২২:৫৭
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া ডেলটা স্পিনিং মিলের শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। মঙ্গলবার রাতে বিক্ষুব্ধ শ্রমিকরা মিলের কাজ বন্ধ করে সড়ক অবরোধ করে । অবরোধকালে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন নারী শ্রমিকসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এর মধ্যে রোকশানা বেগম নামে এক নারী শ্রমিক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্র জানায়, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, শ্রমিকদের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অশোভন আচরণ বন্ধসহ বেশ কিছু দাবি নিয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শ্রমিকরা সংগঠিত হয়ে মিল গেটের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। গৌরীপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে একপর্যায়ে ময়মনসিংহ থেকে অতিরিক্ত পুলিশ এসে শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায়। রাত সাড়ে বারটার দিকে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশের লাঠিচার্জে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। এদিকে বুধবার সকালেও শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পুনরায় মিলের সামনে বিক্ষোভ মিছিল করেছে। বর্তমানে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে শ্রম আইন উপেক্ষা করে শ্রমিকদের অবহেলিত অবস্থায় রাখা হয়েছে। এ নিয়ে অসংখ্যবার আন্দোলন করা হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। বরং আন্দোলনে নেতৃত্ব দেয়া শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়। মিলের প্রশাসনিক ব্যবস্থাপক মাহমুদুল হাসান জানান, আমরা এসব দাবি ও অভিযোগ আগে শুনিনি। এখন কি অবস্থা দেখতেই পাচ্ছেন। শ্রম আইন অনুসারে শ্রমিকরা সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।