ফোর মার্ডারে জড়িত অভিযোগে গ্রেফতার শামীমের মৃত্যু

আপডেট : ২২ মে ২০১৩, ২২:৫৮
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের নির্যাতনে শামীম নামের এক ব্যক্তি গতকাল বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। গত এপ্রিলে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বাসভবনে ঘটে যাওয়া চার হত্যাকাণ্ডের সূত্রে তাকে গ্রেফতার করা হয়েছিল। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ‘সোনারগাঁ পুলিশ থানার ভেতরে আটকে রেখে শামীমের উপর অমানুষিক নির্যাতন চালায় ও মিথ্যা জবানবন্দি দেয়ার জন্য গত সোমবার আদালতে পাঠিয়ে তার কাছ থেকে জবানবন্দি নেয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে ওই দিন রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’ নিহতের বাবা আলাউদ্দিন ও মা আনোয়ারা বেগম জানায়, আমার নির্দোষ ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে রিমান্ড ছাড়াই থানায় সাত দিন রেখে নির্যাতন চালিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়। তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, আসামি শামীম ‘ফোর মার্ডার’ কেসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে জেল হাজতে প্রেরণ করার পর চিকিত্সাধীন অবস্থায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।