বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মোহাম্মদ শাহজাহানকে জেল গেট থেকে ফের গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে গত মঙ্গলবার রাতে জেলা শহর মাইজদিতে দলীয় ও অঙ্গসংগঠনের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ২০-২৫টি গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিএনপির ৭ কর্মীকে গ্রেফতার করে। পুলিশ গতকাল বুধবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৮৩ জনকে এজহারভুক্ত ও অজ্ঞাত দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে সুধারাম থানার দারোগা আব্দুল হাই বাদী হয়ে মামলা দায়ের করেন।
মোহাম্মদ শাহজাহান গত ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার হন এবং গত ১৬ মে হাইকোর্ট থেকে দুটি মামলায় জামিন লাভের পর মঙ্গলবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলে জেল গেটে থেকে ডিবি পুলিশ ফের তাকে গ্রেফতার করে। এ খবর জেলা শহরে পৌঁছলে শহরের পৌর বাজার এলাকায় বিএনপির নেতা-কর্মীরা সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে তারা প্রধান সড়কে যানবাহন ভাংচুর চালায়। এ সময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
