পিরোজপুরে বিদ্যুত্ অফিস ভাংচুর

আপডেট : ২২ মে ২০১৩, ২২:৫৯
পিরোজপুর শহরে ২৬ ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকায় বিক্ষুব্ধ জনতা বিদ্যুত্ অফিস ও ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের রাজারহাটস্থ বিদ্যুত্ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় বিদ্যুত্ অফিসের সামনে রাখা ট্র্যান্সফরমারসহ বিভিন্ন মালামাল ভাংচুর করা হয়। ইটপাটকেল নিক্ষেপে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর (আবাসিক) বাসভবনসহ কর্মকর্তাদের বাসভবনের জানালার গ্লাস ভেঙ্গে যায়। বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে অফিস ভবনে আগুন দেয়ার চেষ্টা করে। বিদ্যুত্ বিভাগের লোকজন থানা ও ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধ জনতা চলে যায়। এ ঘটনার পর মঙ্গলবার রাতে এবং গতকাল বুধবার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। গতকাল বুধবার সকালে তার কার্যালয়ে গিয়ে জানা গেছে তিনি বরিশাল রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, আকাশে মেঘের গর্জন হলেই পিরোজপুরের বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। সামান্য বাতাস বা বৃষ্টি হলেই দিনের পর দিন বন্ধ থাকে বিদ্যুত্ সরবরাহ। বিদ্যুত্ লাইন বিপর্যয়ের কারণ দেখিয়ে এবং তা মেরামতের নামে ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনের পর দিন বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে রাখা হয়। গত সোমবার রাত ১০টার দিকে হঠাত্ করে বন্ধ হয়ে যায় পিরোজপুরের বিদ্যুত্ সরবরাহ। এরপর মঙ্গলবার রাত ১১টার পর বিদ্যুত্ সরবরাহ করা হয়। বিদ্যুত্ বিভাগ সূত্র জানায়, বাগেরহাট থেকে পিরোজপুরে সরবরাহকৃত ৩৩ কেভি ওভারহেড বিদ্যুত্ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়ায় সোমবার রাতে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে সে ত্রুটি মেরামত করে পরদিন মঙ্গলবার বেলা ১১টার মধ্যেই বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা সম্ভব ছিল। কিন্তু দায়িত্বরত কর্মকর্তাদের গাফিলতির কারণেই দীর্ঘ সময় পিরোজপুর বিদ্যুিবহীন থাকে।