মিরপুরে বাম মোর্চার ১২ নেতা আটক মুচলেকা দিয়ে মুক্ত

আপডেট : ২২ মে ২০১৩, ২২:৫৯
রাজধানীর মিরপুর থেকে গতকাল বুধবার গণতান্ত্রিক বাম মোর্চার ১২ জন নেতাকে আটক করে পুলিশ। অনুমতি না নিয়ে সমাবেশ করার অপরাধে তাদের আটক করা হয়। তবে গতকাল রাতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। পুলিশকে তারা বলেছেন, সমাবেশ করার সিদ্ধান্ত দ্রুত নেয়ার কারণে পুলিশের কাছ থেকে অনুমতি নেয়ার সুযোগ পায়নি। পুলিশ জানিয়েছে, গণসংহতি আন্দোলন’র কেন্দ্রীয় সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণসংহতির হারুন মাহমুদসহ বেশ কয়েকজন নেতা গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চক্করে সমাবেশ করতে যান। পুলিশ সেখানে বাম মোর্চার নেতাদের সমাবেশে বাধা দেয় এবং তাদের আটক করে নিয়ে যায়। থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ বলেন, পূর্ব অনুমতি ছাড়া বাম মোর্চার লোকজন সমাবেশের চেষ্টা করছিল। এ সময় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তারা ভুল স্বীকার করলে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।