বই-আলোচনা

নিঃসঙ্গতার বলয়ে প্রেম-কহন

আপডেট : ২৩ মে ২০১৩, ১৮:০০
যেখানেই রাখো পা ইসহাক সিদ্দিকী প্রচ্ছদ :রিদাত ফারহান প্রকাশকাল :বইমেলা ২০১৩ প্রকাশক : জাগৃতি প্রকাশনী মূল্য :একশ দশ টাকা সাহিত্য সাহিত্যিক-জীবনের প্রতিচ্ছবি। জীবনের বিভিন্ন পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুখ-দুঃখ, কামনা-বাসনা, আনন্দ-অনুভূতি কিংবা প্রকৃতির নানান দিক নিয়ে নির্মিত হয় এ নিবিড় জগত, আর এ জগতের প্রধান বিষয়টি যদি হয় কবিতা, তাহলে তো পুলকিত হূদয়ে স্বস্তির নিঃশ্বাস। কারণ সাহিত্যের জগতে কবিতা প্রাচীনতম সৃষ্টি। বাংলা ভাষার আদিনিদর্শন চর্যাগীতিকা গান বা গীতিকবিতার সংকলন। পৃথিবীতে মানুষ যখন থেকেই তার মনের ভাব সাহিত্যের মোড়কে মোড়ানোর চেষ্টা করেছে, তখন থেকেই চেতনার পরাকাষ্ঠায় শব্দে-ছন্দে ধ্বনিময় এবং ভাবে সরস করার তাগিদ অনুভব করেছে মনোমাঝে। আর উত্কৃষ্ট শব্দবিন্যাসে নিরূপিত হয়ে বাস্তব রূপ-রসে বিবিধ উপাদানের সংমিশ্রণে নির্মিত হয় কবিতার শরীর। নির্মিত কবিতার শরীর-সংসার নিয়ে কবি ইসহাক সিদ্দিকী স্বপ্ন দেখছেন। সে স্বপ্নবৃক্ষের বিস্তৃত ডালপালা সজীব থেকে সজীব হচ্ছে বাংলার সাহিত্যাঙ্গনে। ‘যেখানেই রাখো পা’ একটি ছিমছাম কবিতার বই, মাত্র ৪৮ পৃষ্ঠার, ক্ষীণতনুর ৪২টি কবিতা, তবুও কী বিস্ফোরক ও সম্মোহক শিল্পসৌধ। কবি ইসহাক সিদ্দিকী তাঁর কবিতায় বহু রঙের পালকের ডানা মেলে উড়াল দিয়েছেন দিগন্তে। রাঙিয়েছেন হলুদে বা সবুজে, অমাবস্যার আঁধারে, পূর্ণিমার উজ্জ্বলতায় হতাশার বা প্রেমের, কোনোটি দ্রোহের বা দর্শনের, কোনোটি আধ্যাত্মবাদের। বিষয়ের সমন্বয়ে হূদয়গ্রাহী করে আশার আলো ফুটিয়েছেন কবি। মনে হয় প্রতিটি চরণই বুঝি একটি জ্বলজ্বলে অনির্বাণ মশাল। আমরা এ কবির ‘মানুষ ঠিকই আছে’ কবিতায় পড়ি, ‘মানুষ ঠিকই আছে, মানুষের ভিতরের সে/ মানুষই যেন শুধু নেই/ যে কিনা দুঃখ পায়, কারো জন্য/ যে কিনা কাঁদে/ যে কিনা পোড়ে অন্ধকারে দূরের উনুনে। (যেখানেই রাখো পা, পৃষ্ঠা: ৪৬) সত্যিই তো মানুষের সব ঠিক থাকলেও ভেতরের মানুষটার চরম পরিবর্তন হয়েছে। যা অন্যসব মানুষের চেয়ে কবির চোখে খুব গভীরভাবে ধরা পড়েছে। এখানেই কবিরা ব্যতিক্রম—‘মানুষকে দিয়েছো এই সব/ চোখ নাসারন্ধ্র শ্রুতি/ স্পর্শাতীত জ্বর/ পৃথিবী অন্তরীক্ষ তন্ন তন্ন করে/ পাহাড় বনস্থলী তন্ন করে/ মানুষের মধ্যেই রেখেছো অন্য/ বারবাহী অন্তর। এমন কবিতা পড়তে ভাবুকমনে অজান্তে কাতরতা ধরা দেয়। কবিরাই সর্বাঙ্গে বোঝেন নির্মাণশালার বিষয়বস্তু, লেখেন মনের মাধুরী মিশিয়ে। ‘যেখানেই রাখো পা’ বইটির প্রতিটি কবিতার ভাষা প্রাঞ্জল ও সাবলীল; শব্দচয়ন মায়া-মমতায় দারুণ ফুটেছে কবির কবিতা। কবিতার ভাঁজে ভাঁজে লেগে থাকা উপাদানের বিষয়বস্তু আর বিমূর্ততার স্বরূপ আর একটু উদ্ঘাটনের স্বল্প প্রয়াস, ‘প্রতীক্ষার জন্যে দীর্ঘ নিশ্বাস/ ঈশ্বরের নির্জন দেখা/ পাঁজরে রেখেছো নির্ঘুম সুঁই/ দহন করেছো একা। (যক্ষের হাত, পৃষ্ঠা: ২১) প্রেম-ভালোবাসার জীবনে কবি মনের অবস্থা চমত্কার শব্দে তুলে ধরলেন। চিরায়ত প্রণয়ের সংসারে এটাই প্রেমের নিয়তি? কবিদের জীবনে প্রেম কি এমনই হয়। এ যেন নৈঃসঙ্গ্যের বলয়ে প্রেমজ কহন। কবির প্রায় কবিতাই প্রেমের চাদরে মোড়ানো। গভীর মোহে আচ্ছন্ন থাকবে পাঠক। খুঁজে পাবে প্রকৃতির রূপ রস, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম সংস্কৃতি। ইসহাক সিদ্দিকী তাঁর কবিতায় প্রেমসহ বিচিত্র অনুষঙ্গ নিয়ে এসেছেন দক্ষতার সাথে। যা কিছু অনুধাবন করেছেন, তা-ই স্পষ্ট বাচনে ব্যক্ত করেছেন। রিদাত ফারহানের প্রচ্ছদে বইটির বহুল প্রচার আশা করছি।