রোকেয়া সুলতানার একক চিত্রপ্রদর্শনী
মানুষের বিবিধ প্রবণতার সাথে আত্মসত্তার চৈতন্য এবং জ্যামিতির পরিমিতি—বোধ এই নিয়ে রোকেয়া সুলতানার ক্যানভাস। গ্যালারিতে প্রবেশমুখে দেখা মেলে বাঘিনীর আদলে রোকেয়া সুলতানার আত্মপ্রতিকৃতি। কিন্তু ভেতরে প্রবেশের পর আমরা আর সেই বাঘিনীকে দেখতে পাই না। রূপের সুতা ধরে তিনি পৌঁছে যান অরূপের সন্ধানে। বিশেষ অভিব্যাক্তি নিয়ে পূর্বের কাজগুলো থেকে এবারের কাজে তিনি সব দিক থেকেই বৈচিত্র্যপূর্ণ। ?‘ভেনাস ক্রসিং দ্য মুন’ এই সিরিজের কাজগুলোই তাঁর চিহ্নায়ন। কাজগুলোতে কোনো বস্তু বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। বস্তুর আকার কিংবা আকৃতি নয়, বস্তুসম্পর্কিত কোনো বিশেষ তথ্যও নয়, বস্তুকে ঘিরে থাকা সমূহ আবহ এই কাজের এক নির্ধারিত অবস্থা। কেবল রেণু ডট আর জবার রং এই নিয়ে ?ভেনাস ক্রসিং দ্য মুন-৬ ছবিটি। ভেনাস ক্রসিং দ্য মুন-৩ ছবিটিতে খুব সাংকেতিকভাবে মানুষের সমগ্রতার প্রতীকী ফর্মের সাথে রয়েছে মোটা তুলির অগ্রভাগ দ্বারা সৃষ্ট ডট। ওই অর্থে কোথাও ভেনাস কিংবা চাঁদের অস্তিত্ব পাওয়া যাবে না। পাওয়া যাবে বিষয় থেকে বিষয়ান্তরী হওয়ার আলেখ্য। ‘দ্য লিভিং ওশান’ সিরিজের কাজে যথার্থ অর্থেই বিশুদ্ধ বিমূর্ততার বিন্যাস আছে। কমপ্লেক্স এবং প্রতীক, রং এবং ফর্মের দ্বৈরথ—সব মিলিয়ে কোথাও শান্ত এবং কোথাও বিষয়বস্তুর আবহ নিয়ে গড়ে উঠেছে ছবিগুলো। দ্য লিভিং ওশান-১ ছবিটি ছাপচিত্র মাধ্যমে সৃষ্ট। ফ্লোরাল ডিজাইনের সাথে বিবিধ ডট এবং কোথাও ট্রান্সপারেন্সি ছবিতে শান্ত কিন্তু গভীরতর নৈর্ব্যক্তিকতা হাজির করেছে। মাথার আদলে লতাগুল্ম এবং বস্তুর স্থিরতা খানিকটা জাহির করছে জলাবদ্ধতা। এই সিরিজের কাজগুলো যতই সামনের দিকে এগিয়েছে, তত বেশি বিষয়বস্তুর সাংকেতিকতা প্রকাশ্য হয়েছে। সারফেসে এসেছে বেগুনি কালোর ছোপ ফসফরাস এবং লাল কাঁকড়ার তটের গভীর থেকে বালু তোলার ফলে সৃষ্ট ডিজাইন। কোথাও কোথাও সেই ডিজাইন মান্ডালার আকৃতি পেয়েছে। সোলারিস ফাতা মর্গানার কিছু কাজে এই মান্ডালাকৃতি আরও বেশি প্রকট। ফাতা মর্গানার বেশ কিছু কাজে একটি রং বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। উত্সব এবং স্পিরিচুয়ালিটির সাথে প্রাচীনত্বের আবহ আছে। আকার-আকৃতির বিবিধ কমপ্লেক্স নিয়ে সম্মিলিত হয়েছে অব টাইম অ্যান্ড স্টারস সিরিজের কাজগুলো। মান্ডালাকৃতির এই ছবিগুলোতে বুনটের কাজ রয়েছে। কোথাও ওয়াটার হায়াসিন্থের ফর্ম, কোথাও বা তারকা ফুলের আকৃত নিয়ে এই ছবির বিন্যাস। কতক স্পিরিচুয়াল প্রতীক, যেগুলো প্রাচ্যে বেশ স্বীকৃত, এই ফর্মগুলি নিয়ে ফাতা মর্গানা এবং প্রিলুইড টু স্পেস সিরিজের কাজ।
আসলে আমাদের এখানকার প্রকৃতির একটা নিজস্ব ফর্ম আছে। সেই ফর্মের ধরনটি হচ্ছে এই যে, সে যেভাবে প্রকাশিত অবস্থায় থাকে, সেটা মূলত তাঁর মৌলিক রূপ নয়। আমরা যেটাকে অরূপ বলি, সেই অরূপের সন্ধান পেতে হলে প্রকৃতির রূপের ভেতর প্রবেশ করতে হয়। সেই অরূপ সত্যিকার অর্থেই বাহ্য রূপের প্রতিধ্বনি হবে কি না, সেটা নির্ভর করে শিল্পীর নিজস্ব মানসিক গড়নের ওপর। এর সাথে রয়েছে প্রযুক্তির স্বভাবসুলভ বাধ্যবাধকতা। রয়েছে টুলসের নির্দিষ্ট ফর্ম উত্পাদন করার নিয়মতান্ত্রিক ধরন। রোকেয়া সুলতানা এসবকে ছাড়িয়ে যেতে চান না। তিনি অবলীলায় স্বীকৃতি দিয়ে চলেছেন তাঁর সৃষ্টির সারফেসে টেকনিক এবং টুলসের সহজাত বৈশিষ্ট্য।
উচ্চাকাঙ্ক্ষার পেছনে ছুটে আমরা ক্রমেই মরীচিকার দিকে অগ্রসর হচ্ছি—তারই এক শিল্পিত রূপের স্মারক হিসেবে এই প্রদর্শনী অত্যন্ত গুরুত্ববহ। ১৭ মে শুরু হওয়া বেঙ্গল আর্ট লাউঞ্জের এই প্রদর্শনী চলবে ১১ জুন ২০১৩ পর্যন্ত।
