কমনওয়েলথ পুরস্কার (এশিয়া অঞ্চল) জিতে নিলেন শ্রীলংকান লেখকেরা
এশিয়া অঞ্চলের কমনওয়েলথ পুরস্কার-২০১৩ জিতে নিয়েছেন শ্রীলংকান লেখকেরা। শ্রীলংকান লেখক নাওমি মুনাভিরা এবং মিকায়েল মেনডিস এ পুরস্কার লাভ করেছেন। আগামী ৩১ মে হে উত্সব উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হবে। কমনওয়েলথভুক্ত দেশের লেখকেরা এই পুরস্কারের জন্য মনোনীত হন। উপন্যাসের জন্য দেওয়া হয় ‘কমন ওয়েলথ বুক প্রাইজ’ এবং ছোটগল্পের জন্য দেওয়া হয় ‘কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ’। নাওমি মুনাভিরা ও মিশেল মেনডিস এশিয়া অঞ্চল, ইই সুলে আফ্রিকা অঞ্চল, লিসা ওডনেল এবং উইলিয়াম হেনিমেন কানাডা ও ইউরোপ অঞ্চল, এজকেল আলান ক্যারিবিয়ান অঞ্চল এবং মিশেল সালা ও জো মিজার ওশেনিয়া অঞ্চলের জন্য মনোনীত হন।
কুইন সোফিয়া আইবরি আমেরিকান পোয়েট্রি প্রাইজ-২০১৩ পেলেন নুনো জুয়েডাইস
পর্তুগালের কবি নুনো জুয়েডাইস কুইন সোফিয়া আইবেরো-আমেরিকান পোয়েট্রি প্রাইজ-২০১৩ লাভ করেছেন। এটিকে আইবেরো-আমেরিকান বিশ্বের সবচেয়ে মূল্যবান পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। এর আর্থিক মূল্য ৪২ হাজার ইউরো। একজন বিচারক নুনোর কবিতা সম্পর্কে বলেন, ‘তাঁর কবিতায় অসাধারণ রচনা কৌশল ও ধ্রুপদ উপকরণ ধরা পড়ে এবং তা সত্যের কাছে দায়বদ্ধ।’
নতুনভাবে আবিষকৃত হলেন আর্নেস্ট হেমিংওয়ে
একজন লেখকই তাঁর লেখার শ্রেষ্ঠ ব্যাখ্যা। ব্যক্তি লেখকের অপ্রকাশিত বিষয়গুলো প্রকাশিত হলে সহজেই তাঁর লেখা সর্ম্পকে জানা যায়। সম্প্রতি প্রায় অর্ধশতাব্দী ধরে হাভানার অদূরে ভাঙা বাড়িতে পড়ে থাকা আর্নেস্ট হেমিংওয়ের অপ্রকাশিত পাসপোর্ট, চিঠি এবং নোটবুকের সন্ধান পাওয়া গেছে। আমেরিকার বেসরকারি সংস্থা ‘ফিন্সা ভাইজিয়া ফাউন্ডেশন’ এবং কিউবান কাউন্সিল ন্যাশানাল হেরিটেজ হেমিংওয়ের কাগজপত্র ও পরিত্যাক্ত বাড়িটি সংরক্ষণ করছে। আত্মহত্যার আগে অর্থাত্ ১৯৬১ সাল পর্যন্ত ইদাহোর এই বাড়িতেই তিনি বসবাস করেছেন। কিউবা ও আমেরিকার মাঝে কূটনৈতিক সর্ম্পক না থাকা সত্ত্বেও প্রায় দুই হাজারের বেশি নথিপত্র আমেরিকান ‘জন এফ কেনেডি লাইব্রেরিকে’ প্রদান করা হয়, যা লাইব্রেরি আর্কাইভে সংরক্ষণ রাখা হবে। পেনিসেলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির ইংরেজির অধ্যাপক বলেছেন, ‘তুমুল জনপ্রিয় হওয়া সত্ত্বেও হেমিংওয়ের জীবন সর্ম্পকে খুব কমই জানা যায়। আর এ প্রচেষ্টার মাধ্যমে কিছুটা হলেও এই শূন্যতা পূরণ হবে।’
শিশুদের লেখা নিয়ে প্রকাশিত সিটি কিডস ওয়ার্ল্ড লিটারারি ম্যাগাজিন
৩৪ জন শিশুর গল্প নিয়ে প্রকাশিত হলো সিটি কিডস ওয়ার্ল্ড লিটারারি ম্যাগাজিনের গ্রীষ্মকালীন সংখ্যা । ৪ থেকে ১৪ বছর বয়সী শিশুদের লেখা গল্প, গদ্য, প্রবন্ধ ও ভাবনা এতে প্রাধান্য পেয়েছে। নিউজার্সির এই পত্রিকাটি শিশুদের লেখা নিয়ে প্রতিবারই প্রকাশিত হয়। সিটি কিডসের ওয়েবসাইট http://tinyurl.com/cv5adz6 থেকে সংখ্যাটি ডাউনলোড করা যাবে। সম্পাদক ডিয়েন হেন্ডারসন বলেন, ‘এত শিশুদের সৃষ্টিশীল লেখা প্রকাশ করতে পেরে আমরা নিজেরাও আনন্দিত।’
গ্রন্থনা :শামস আরেফিন
