নাম :মহানবীর (স.) মি’রাজ ও বিজ্ঞান, লেখক :মো. মাসুম বিল্লাহ বিন রেজা, প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৩, প্রকাশনায় :আহসান পাবলিকেশন, কাটাবন মসজিদ ক্যাম্পাস, ঢাকা, প্রচ্ছদ :নাসির উদ্দিন, মূল্য :ষাট টাকা।
আল্লাহ তা‘আলা নবী-রাসূলদের বিভিন্ন মু‘জিযা দ্বারা সাহায্য করেছেন যা সৃষ্টিকুলকে তাদের রচিত বিধানের মোকাবেলায় ব্যর্থ ও অক্ষম করে দিয়েছে এবং যা দিয়ে তাঁরা তাঁদের কওমকে চ্যালেঞ্জ করেছিলেন। রহমাতুল-লিল আলামিন, সাইয়িদুল মুরসালিন, খতিমুল আম্বিয়া হযরত মুহাম্মাদের (স.) জীবনের সবচেয়ে বিস্ময়কর, তাত্পর্যপূর্ণ ও অলৌকিক ঘটনা হল, মি‘রাজ। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি এরূপ অভিনব ঘটনা আর দ্বিতীয়বার ঘটেনি। ভবিষ্যতেও ঘটবে না। নবীজির জন্য খাস (নির্ধারিত)। যে মালা গাঁথে, ফুল তৈরি করা তার ইচ্ছাধীন নয়। বনরাজির প্রস্ফুটিত পুষ্প স্বহস্তে চয়ন করে এনে একান্ত মনের স্বপ্নিল বাসনায় সে সুতায় গাঁথে মাত্র। তবুও তার দায়িত্ব অনেক। পুষ্পের চয়নিক নিপুণতা যত সুচারু হবে, মালার উত্কর্ষ ও সৌন্দর্যও ততখানি বৃদ্ধি পাবে। সেখানেই তার সার্থকতা। আমার ক্ষেত্রেও কথাটি সমানভাবে প্রযোজ্য। মহান নবীর (স.) এক রাতের ক্ষণকালে মক্কা থেকে যেরুযালেমে যাওয়া এবং সেখান থেকে সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছাকাছি পৌঁছে বহু অকল্পনীয় দৃশ্য দেখে আবার মক্কায় ফিরে আসা এটিই মি‘রাজ। রাসূলের (স.) মি‘রাজ আত্মিক ছিলো না বরং দৈহিক ছিলো। এটি কুরআনের অনেক আয়াত ও অনেক মুতাওয়াতির হাদীস দ্বারা প্রমাণিত। মি‘রাজ দৈহিকভাবে সংঘটিত হয়েছে এ ব্যাপারে মুসলিমদের ইজমাও সংঘটিত হয়েছে। অনেকে বিজ্ঞানের প্রমাণ দিয়ে বলেন, স্থূলদেহী মানুষ হযরত মুহাম্মাদ (স.)। জড়জগতের নিয়ম-নিগড়ে তিনি আবদ্ধ। তাই তিনি কিভাবে আকাশ পথে বিহার করতে পারেন? বর্তমান এ বিজ্ঞানের যুগে ‘মানব সৃষ্ট’ বিজ্ঞানই প্রমাণ করে দিয়েছে মহানবীর (স.) মি‘রাজ দৈহিকভাবে সংঘটিত হয়েছিল। বিশেষ করে Dynamics (গতি বিজ্ঞান) যাদের জানা আছে, তারা অতি সহজেই অনুধাবন করতে পারবেন মহানবীর (স.) মি‘রাজ দৈহিকভাবে সংঘটিত হয়েছিল। এ গ্রন্থের ‘মি‘রাজ সম্পর্কে বিজ্ঞান কি বলে?’ নামক অধ্যায়ে এ সম্পর্কে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে যেহেতু সবচেয়ে বিস্ময়কর ঘটনা মি‘রাজ, সেহেতু মি‘রাজের ব্যাপারে বাজারে কাল্পনিক কাহিনী ও গালগল্পের ব্যাপক ছড়াছড়ি হয়েছে। মি‘রাজের বিষয়টি মুসলিমদের ঈমানের (বিশ্বাসের) একটি অঙ্গ। তাই এর মধ্যে কাল্পনিক কাহিনী ও গালগল্পের প্রচার না হওয়াই কাম্য। এই গ্রন্থটির মধ্যে রসূলের (স.) মিরাজ সম্পর্কে সম্যক ধারণা লাভ করা সম্ভব হবে।
—হোসাইন আল খালদুন
