‘দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে কথা বলেন তা পরিবর্তন করতে হবে। তা না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার পদ্ধতি নির্ধারণে প্রধান দলগুলোর মধ্যে সমঝোতা হবে না।’ ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘শর্তহীন সংলাপ ও নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক এক ছায়া সংসদে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত এই ছায়া সংসদে মক স্পিকার হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ‘যুক্তির আরশিতে বিম্বিত হোক আগামীর সংসদ’—এই স্লোগানে অনুষ্ঠিত ছায়া সংসদে সরকারি দল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজয়ী হয়। অনুষ্ঠানটি আজ সকাল ১১টা ৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন সাংবাদিক নাজমুল আলম, মোরসালিন বাবলা, ফিরোজ জামান চৌধুরী ও অধ্যাপক ডালিয়া রহমান।
