ঢাকায় ‘আয়রন ম্যান থ্রি’

আপডেট : ২৩ মে ২০১৩, ১৮:০৭
বিশ্বজুড়ে অগণিত সিনেমাপ্রেমীদের চোখ ধাঁধিয়ে এখন বক্স অফিস কাঁপাচ্ছে ‘আয়রন ম্যান থ্রি’। গত ২৫ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাওয়া হলিউড ব্লকবাস্টার এই ছবিটি এবার ঢাকার দর্শকদের সামনে হাজির করছে স্টার সিনেপ্লেক্স। আজ জমকালো প্রিমিয়ার শো আয়োজনের মধ্য দিয়ে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ২৫ মে দেশের একমাত্র থ্রিডি প্রযুক্তি সম্বলিত এই মাল্টিপ্লেক্স সিনেমা হলে। সাড়া জাগানো আয়রন ম্যান সিরিজের তৃতীয় ছবি ‘আয়রন ম্যান থ্রি’। দুর্দান্ত অ্যাকশন আর চোখ ধাঁধানো স্পেশাল ইফেক্টের এ ছবি এখন হলিউড টপচার্টের শীর্ষে অবস্থান করছে। ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এ যাবত্ আয় করেছে এক বিলিয়ন ডলারেরও বেশি। মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে ছবিটি আয় করেছে প্রায় ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার, যা সর্বকালের ইতিহাসে প্রথম সপ্তাহের আয়ের দিক থেকে দ্বিতীয়।