খুলনায় মেয়র পদে মনিই হচ্ছেন বিএনপির প্রার্থী

আপডেট : ২৩ মে ২০১৩, ২১:৩৩
মনোনয়নপত্র জমা দেয়ার ১১ দিন পর বিএনপির নেতা-কর্মীদের উদ্বেগ-উত্কণ্ঠার অবসান হয়েছে। দলীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দীর্ঘ সভা শেষে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মহানগর বিএনপির সদ্য পদত্যাগকারী সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে দলের পক্ষ থেকে একক মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা দেয়া হয়েছে। দলের অপর দুজন মেয়র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা ও মহানগর বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু কেন্দ্রীয় সিদ্ধান্তে তাদের প্রার্থিতা প্রত্যাহারে সম্মত হয়েছেন। আগামী ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, কেসিসি নির্বাচনে জাতীয়তাবাদী নাগরিক ফোরাম মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনির প্রতি পূর্ণসমর্থন ব্যক্ত করে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সর্বাত্মকভাবে প্রচার-প্রচারণার কাজে নেমে পড়ার আহবান জানানো হয়েছে। সূত্র জানায়, কেন্দ্রের নির্দেশে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও বিএনপির জরুরি ঐ সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মাজিদুল ইসলাম, মেয়র প্রার্থী মো. মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা ও সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, শেখ মুজিবুর রহমান, সৈয়দা নার্গিস আলী প্রমুখ।