প্রার্থীদের বিরুদ্ধে যত মামলা

আপডেট : ২৩ মে ২০১৩, ২১:৩৪
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মনোনয়ন দাখিলকারী ৬ মেয়র প্রার্থীর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এদের মধ্যে সর্বাধিক ৬টি মামলা রয়েছে রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও মেয়র প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের বিরুদ্ধে। এসব মামলার ৫টিই বিস্ফোরক দ্রব্য আইনে চলতি ২০১৩ সালে দায়েরকৃত। অপর মামলাটি দায়ের করা হয়েছে ২০১২ সালে। সবগুলো মামলা তদন্তাধীন রয়েছে। ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক। গত ৫ এপ্রিল তাকে পুলিশ ওই হাসপাতাল থেকে গ্রেফতার করে। তার আইনজীবী ও রাজশাহী মহানগর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আবু মো. সেলিম দাবি করেন, ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়েরকৃত সবগুলো মামলাই হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে আরেক মেয়র প্রার্থী হাবিবুর রহমানের বিরুদ্ধে কুড়িগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার অভিযোগে একটি এবং চুরির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা বিচারাধীন রয়েছে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অন্যদিকে মেয়র প্রার্থী ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের বিরুদ্ধে দু’টি মামলা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে। মামলা দু’টি বর্তমান সরকারের আমলে দায়ের করা। তিনিও মামলা দু’টি হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। বিএনপির অপর মেয়র প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধেও দুইটি মামলা রয়েছে। এই মামলা দুইটিও বর্তমান সরকারের আমলে রাজনৈতিক হয়রানিমূলকভাবে দায়েরকৃত বলে তার আইনজীবী দাবি করেন। সদ্য বিদায়ী মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। ১৯৯৬ সালে তার বিরুদ্ধেও দুইটি মামলা দায়ের করা হয়েছিল বলে নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামায় উল্লেখ করা হয়েছে। অপরদিকে সাধারণ কাউন্সিলরদের মধ্যে অতীতে মামলা ছিল এবং বর্তমানেও রয়েছে এমন প্রার্থীর সংখ্যা ৪১ জন। শুধুমাত্র মামলায় অভিযুক্ত এমন কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৫ জন। মামলা বিচারাধীন রয়েছে এমন প্রার্থীর সংখ্যা ২৯ জন। মামলা তদন্তাধীন রয়েছে এমন প্রার্থীর সংখ্যা ৫ জন। মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন এমন প্রার্থী একজন, খালাস পেয়েছেন এমন প্রার্থী সংখ্যা ৭ জন এবং মামলা নিষ্পত্তি হয়েছে এমন প্রার্থী ৩ জন। অন্যদিকে সংরক্ষিত কাউন্সিলর পদে বৈধভাবে মনোনীত ৬৭ প্রার্থীর মধ্যে ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। তবে তারা সকলেই কেবলমাত্র অভিযুক্ত বলে জানা গেছে। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের কাম্য :ইসি জাবেদ আলী রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ। কোনোভাবেই ডান-বাম করার সুযোগ নেই। দেশি-বিদেশি সকলের কাছে যেন গ্রহণযোগ্য নির্বাচন হয়, সব ক্ষেত্রে এ রকম নির্বাচনই আমাদের কাম্য।’ বুধবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্ব জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহিদুল ইসলাম, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান, রাজশাহী জেলা পুলিশ সুপার আলমগীর কবির প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া সভায় সম্মিলিত নাগরিক ফোরাম তথা বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, নাগরিক কমিটি তথা মহাজোটের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতিনিধি নওশের আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহার আলী ও সচিব কেএম আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ইসি জাবেদ আলী বলেন, সব নির্বাচন আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। সিটি কর্পোরেশন নির্বাচনও আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।’ আরএমপি কমিশনার ও রিটার্নিং অফিসারের অপসারণ দাবি বিএনপির এদিকে সভায় পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার এসএম মনির-উজ-জামান এবং রাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকারের অপসারণ দাবি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু। তার এই দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ জানালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। বিএনপির অভিযোগের বিষয়ে আরএমপি কমিশনার এসএম মনির-উজ-জামান বলেন, ‘আমি প্রজাতন্ত্রের একজন সেবক হিসেবে পেশাগত জায়গা থেকে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই।’