কেন্দ্রীয় নেতাদের কাছে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের তদবির

আপডেট : ২৩ মে ২০১৩, ২১:৩৫
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়ন লাভের জন্য আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রীয় নেতাদের কাছে জোর লবিং- তদবির শুরু করে দিয়েছেন। তফসিল ঘোষণার পর তারা স্ব স্ব দলের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতাদের আস্থা অর্জনের জন্য এবং মনোনয়ন পেতে জোর তত্পরতা চালিয়ে যাচ্ছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থী ইতিমধ্যে দলের কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ রক্ষার পাশাপাশি নেতাদের আস্থা অর্জনের সব রকম চেষ্টা করে চলেছেন। অপর দিকে বিএনপি নির্বাচনে দলীয়ভাবে অংশ নেয়ার কোন ঘোষণা দেয়নি। তারপরও সম্ভাব্য প্রার্থীদের তদবির অব্যাহত রয়েছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নান বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকলের দাবি দলের পক্ষ থেকে নির্বাচন করার। বিগত কয়েক মাস ধরে এলাকার অনেকে দলীয়ভাবে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করে আসছে। তিনি বলেন, আমরা সমন্বয় করে নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী দেব। কাউকে খালি মাঠে গোল দিতে দেব না। বিনা চ্যালেঞ্জে কাউকে ছাড় দেব না। তিনি নিজেও মেয়র পদে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছেন এবং কেবল দলীয়ভাবে সমর্থন দিলেই তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানান। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার জানান, তিনিও দলের সমর্থন নিয়ে মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছুক। দল যদি গাজীপুর সিটি কর্পোরেশনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় তবে তিনি দলীয় সমর্থন পাবেন বলে আশা প্রকাশ করেন। অপর দিকে দলীয় সমর্থন লাভের জন্য জেলা বিএনপি নেতা ও কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত হোসেন সরকার কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সার্বিক বিবেচনায় তিনি দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদি বলে জানান। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থী মেয়র পদে নির্বাচন করার প্রত্যাশায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা দলীয় সমর্থন পাওয়ার জন্য দলীয় হাই ফোরামের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা ও লবিং করে যাচ্ছেন। এদের মধ্যে টঙ্গী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল ও গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া মেয়র পদে দলীয় সমর্থন লাভের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আওয়ামী লীগ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে বৃহস্পতিবার পর্যন্ত তাদের প্রার্থিতা চূড়ান্ত করেনি। একটি সূত্র জানায়, আওয়ামী লীগের দলীয় সমর্থন না পেলেও কোন কোন প্রার্থী মেয়র পদে নির্বাচনে অংশ নিবেন। যেহেতু এটি স্থানীয় সরকার নির্বাচন সেহেতু তাদের স্থানীয় জনপ্রিয়তার কারণে বাধ্য হয়েই তারা নির্বাচনে প্রার্থী হবেন বলে জানা গেছে। জাতীয় পার্টি (এ) মেয়র পদে তাদের প্রার্থী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) কাজী মাহমুদ হাসান পিএসসি কে আগে থেকেই সমর্থন দিয়েছেন পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। আগামীকাল শনিবার জেলা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রার্থী নির্বাচনী প্রচারণায় নামবেন বলে জানিয়েছেন পার্টির জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম এম এ। এছাড়া নির্বাচনে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।