গাজীপুর সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘন্টার মধ্যে সিটি কর্পোরেশনভূক্ত এলাকায় যে সকল সম্ভাব্য প্রার্থী পোস্টার, বিল বোর্ড, ব্যানার, লিফলেট ও স্টিকার লাগিয়েছেন সেগুলো স্বস্ব উদ্যোগে অপসারণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এ জন্য রিটার্নিং অফিসারের নিদের্শক্রমে নির্বাচনী এলাকায় মাইকিং করা হচ্ছে। কেউ ওই নির্দেশ না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এ ধরনের অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডাদেশ বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। তিনি জানান, তফসিল ঘোষণার পর থেকে কেউ নির্বাচন অনুষ্ঠানের ২১ দিন আগ পর্যন্ত নির্বাচনী কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো ব্যক্তি সিটি করপোরেশন এলাকার স্থাপনাগুলোয় দেয়াল বা বেড়া এবং যানবাহনে কোনো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগাতে পারবেন না।
