ভাঙ্গুড়ায় নারী শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না

আপডেট : ২৩ মে ২০১৩, ২১:৪৬
পাবনার ভাঙ্গুড়া উপজেলায়ও বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানে কাজ করে নারী শ্রমিকরা ন্যায্য মজুরী পায় না। ধানের চাতাল, ইটের ভাটা, কৃষি কাজ,গৃহস্থলি, ডেইরি ও পোল্ট্রি খামারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পুরুষ শ্রমিকের পাশাপাশি অসংখ্য নারী শ্রমিক কাজ করে। খোঁজ নিয়ে জানা গেছে, একই কাজ করে একজন পুরুষ শ্রমিক যেখানে দৈনিক ৩শ’ টাকা পায় সেখানে নারীদের দেয়া হয় দেড়’শ থেকে ২শ’ টাকা। বিশেষ করে ধানের চাতাল ও ইটের ভাটায় রোদ এবং আগুনের তাপে পুড়ে নারীরা যখন ইট-কয়লা টানে বা চুলায় তুষ ছিটায় তখন তাদের কষ্টের সীমা থাকে না। এমনকি দুপুরে খাবার সময়টুকু পর্যন্ত তারা পায় না। এই নারীদের বেশির ভাগই অসহায় ও নির্যাতিত। কেউ আবার স্বামী পরিত্যক্ত। কোন কোন নারীর রয়েছে শিশু সন্তান। সারাদিন কঠিন খাটুনির কাজ করায় কোলের শিশুকে ফিডিং করাতে পারে না। ফলে তাদের শিশুরা রোগাক্রান্ত ও পুষ্টিহীনতায় ভুগছে, বঞ্চিত হচ্ছে মায়ের দুধ খেয়ে বেঁচে থাকার অধিকার থেকেও। এসব নারীদের জন্য এনজিওগুলোও কিছু করে না। নারী অধিকার রক্ষা ও দারিদ্র্যতা লাঘবে রয়েছে উপজেলা মহিলা অধিদপ্তর এবং দারিদ্র্য বিমোচন অফিস। কিন্তু কিছু কর্মসূচি পালন ছাড়া এসব অফিসের উল্লেখযোগ্য কাজ চোখে পড়ে না। উপজেলা মহিলা বিষক কর্মকর্তা আফজাল হোসেনও এর কোন সদুত্তর দিতে পারেননি।