শোকেজ মালয়েশিয়া-২০১৩ শুরু

শিল্প ও বাণিজ্যখাতে মালয়েশিয়া যৌথভাবে বিনিয়োগে আগ্রহী

আপডেট : ২৩ মে ২০১৩, ২১:৪৬
বাংলাদেশের শিল্প ও বাণিজ্যখাতে যৌথভাবে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন মালয়েশিয়ার উদ্যোক্তারা। তারা বলেন, ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও শিল্প বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়া একে-অপরের সুযোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে। গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘শোকেজ মালয়েশিয়া-২০১৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার উদ্যোক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার নরলিন বিনতি ওথমেন এবং মালয়েশিয়াস্থ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরামর্শক তান শ্রী দাতু সুং সিউ হং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় বাজার চাহিদাকে কাজে লাগিয়ে মালয়েশিয়া ঔষধ, জাহাজ নির্মাণ, কৃষিভিত্তিক শিল্প এবং পাট শিল্পখাতে যৌথ বা এককভাবে বিনিয়োগ করতে পারে। কৌশলগতভাবে বাংলাদেশকে বিনিয়োগের সম্ভাবনাময় স্থান বলে উল্লেখ করে শিল্পমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে খাদ্য উত্পাদন বৃদ্ধি এবং রফতানি ও রেমিটেন্স আয় বাড়ানোর পাশাপাশি শিল্পক্ষেত্রে ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শোকেজ মালয়েশিয়া-২০১৩’ বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, টেলিযোগাযোগ, খাদ্যজাত পণ্য, টেক্সটাইল ও পর্যটনের ক্ষেত্রে ‘শোকেজ মালয়েশিয়া-২০১৩’-এর আয়োজন উভয় দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে এক অপার সম্ভাবনাময় দ্বার উন্মোচিত করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।