রায়গঞ্জে প্রাইভেটকারের চালক সেজে ডাকাতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক হয় । বিক্ষুব্ধ জনতা ডাকাতদের গণপিটুনি দিয়ে ডাকাতির কাজে ব্যবহূত প্রাইভেটকার ভাংচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে সলঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, ফরিদপুর জেলার সাড়ে সাতরশি গ্রামের ফরহাদ হোসেন তালুকদার তার স্ত্রী পিংকিকে নিয়ে বুধবার সন্ধ্যায় হাটিকুমরুল এলাকা থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে বগুড়া শহরে যাচ্ছিলেন। এসময় গাড়িতে চালকের সহযোগী আরো ২ যুবক ছিল। কিছুদূর যাওয়ার পর চলন্ত অবস্থায় জানালা আটকে দিয়ে যাত্রী স্বামী-স্ত্রীকে ঐ ২জন বেদম মারপিট করে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। কারটি উপজেলার ঘুড়কা বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় কৌশলে জানালার কাঁচ ভেঙ্গে ফরহাদের স্ত্রী চিত্কার শুরু করলে লোকজন ডাকাতির ঘটনা টের পেয়ে অপর একটি সিএনজি অটোরিক্সা নিয়ে কারটির পিছু ধাওয়া করে এবং তারা সামনের ভূইয়াগাঁতীর বাসস্ট্যান্ড লোকজনদের মোবাইল ফোনে ঘটনাটি অবহিত করে। ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার সাথে সাথে সেখানে জনতা প্রাইভেটকারটি আটক করে। বিক্ষুব্ধ জনতা এসময় ভিকটিমদের উদ্ধার ও ৩ ডাকাতকে ধরে গণপিটুনি এবং কারটিতে আগুন ধরিয়ে দেয়।
