পদ্মায় বিষ দিয়ে মাছ ধরায় ৩ জন আটক

আপডেট : ২৩ মে ২০১৩, ২১:৪৭
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পানিতে বিষ প্রয়োগ করে অবাধে মাছ ধরা হচ্ছে। পুলিশ তিনজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন গভীর রাতে কিছু জেলে নদীর পাড়ে পানিতে বিষ প্রয়োগ করে। বিষের গন্ধে মাছ পাড়ের কাছে আসলে বিষযুক্ত পানি খেয়ে মাছগুলো মারা যায়। তখন ভেসে যাওয়া মরা মাছ জেলেরা ধরে সকালবেলায় রেলবাজারসহ বিভিন্ন মাছের বাজারে বিক্রি করে। বিষযুক্ত মাছ খেয়ে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ প্রসঙ্গে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. বজলুর রশিদ বলেন, বিষযুক্ত মাছ খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ রোগে আক্রান্ত না হলেও ধীরে ধীরে কিডনী, লিভার, ক্যানসারজনিত রোগে আক্রান্ত হয়। জেলেরা জানান, উপজেলা মত্স্য অধিদপ্তরের ২ জন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে গুটি কয়েক জেলে উপজেলার মাটিকাটা, মাদারপুর, রেলবাজার, বারুইপাড়া, হাটপাড়া, সারাংপুর, সুলতানগঞ্জ এলাকার সামনে পদ্মা নদীতে বিষ প্রয়োগ করে অবাধে মাছ ধরছে। বুধবার ভোর ৬টার দিকে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছে: উপজেলার মাটিকাটা গ্রামের কলিমুদ্দীনের ছেলে বারী (৫৫), বেলালউদ্দীনের ছেলে এমদাদুল (৩৮), সারাংপুর গ্রামের আজাদ আলীর ছেলে উজ্জল (১৮)। আটককৃতদের বিরুদ্ধে উপজেলা অধিদপ্তরের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা মত্স্য কর্মকর্তা ফারজানা বলেন, নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরা সম্পূর্ণ আইন বহির্ভূত। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। উপজেলা মত্স্য অধিদপ্তরের কোন কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা তিনি বলেন।