আগামী ২০১৩-২০১৪ অর্থবছর থেকে পেট্রোবাংলা, রাজউক, বিআইডব্লিউটিএ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষসহ বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পরিচালিত উন্নয়ন প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় আসছে। এর আগে চলতি অর্থবছর পর্যন্ত বাজেটগুলোতে ওইসব উন্নয়ন কাজ এডিপি’র বাইরে থাকত। পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, সবমিলে নতুন বছরের জন্য প্রস্তাবিত এডিপির আকার ধরা হয়েছে ৭৩ হাজার ৯৬৮ কোটি টাকা। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪১ হাজার ৩০৭ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা বাবদ ২৪ হাজার ৫৬৩ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোর জন্য মোট আট হাজার ৯৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সমপ্রতি পরিকল্পনা কমিশনের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এখনো পর্যন্ত স্বায়ত্তশাসিত সংস্থাগুলো নিজস্ব অর্থায়নে যেসব প্রকল্প বাস্তবায়ন করতো তা দেশের সামগ্রিক উন্নয়নের হিসেবে আসতো না। আগামী বাজেট থেকে তা যুক্ত করা হবে। তবে এসব প্রতিষ্ঠানের প্রকল্প গ্রহণ ও ব্যয় নিজেরাই ব্যবস্থাপনা করবেন এবং এডিপি বাস্তবায়নের হিসেবে তা যুক্ত হবে।
সূত্র জানায়, নতুন এডিপিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে পরিবহন খাত। বিদ্যুত্ খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। উল্লেখ্য, চলতি ২০১২-১৩ অর্থবছরের শুরুতে ৫৫ হাজার কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়। যা পরবর্তীতে সংশোধন করে ৫২ হাজার ৩৬৬ কোটি টাকায় নামিয়ে আনা হয়। গত মার্চ মাস পর্যন্ত নয় মাসে চলতি অর্থবছরের বরাদ্দ থেকে মোট ২৭ হাজার ২১৯ কোটি টাকা বা মাত্র ৪৯ শতাংশ অর্থ ব্যয় করতে পেরেছে বাস্তবায়নকারী সংস্থা ও বিভাগগুলো।
