জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম এওচিয়া ছনখোলা এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে আটক করে পুলিশ। জানা যায়, এলাকার প্রভাবশালী ব্যক্তি নজরুল ইসলাম মানিক ও তার সহোদরদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার সকাল সাড়ে ১০টায় মানিক, আবদুল করিম প্রকাশ ডু করিম ও মাছ সালাম নেতৃত্বে ৪০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মানিকের ভাই হারুনুর রশিদের বাড়িতে হামলা চালায়। বাড়ির অদূরে মানিক, ডু করিম ও মাছ সালাম গাড়িতে অবস্থান বসা ছিল। সন্ত্রাসীরা বাড়িতে ব্যাপক ভাংচুর, দরজা-জানালা, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র তছনছ করে। জীবন রক্ষার্থে হারুন বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। পরে হারুন তার এক প্রতিবেশীকে মুঠোফোনে এ খবর জানালে তিনি দ্রুত মসজিদের মাইকে সন্ত্রাসী হামলার কথা প্রচার করলে এলাকাবাসী সন্ত্রাসীদের ঘিরে ফেলে। সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে একটি বিদেশি অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হল: উপজেলার কাঞ্চনা ফুলতলা এলাকার এনামুল হক, একই এলাকার মো. জমির, সাইফুল ইসলাম, মো. হাসান ও আমিলাইশ সরওয়ার বাজার এলাকার মো. জাহেদ। এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হারুন আমার ছোটভাই। তাকে মারার জন্য সন্ত্রাসী ভাড়া করার কোন প্রশ্নই আসে না।
