বেগমগঞ্জে সন্ত্রাসী-পুলিশ গুলি বিনিময়

আপডেট : ২৩ মে ২০১৩, ২১:৫০
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন পশ্চিমাঞ্চলের বারই চতল এলাকায় বুধবার দুই সন্ত্রাসী গ্রুপের বন্দুক যুদ্ধ থামাতে গিয়ে পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। পুলিশ ১৫ রাউন্ড ও সন্ত্রাসীরা ৪০ রাউন্ড গুলি ছোঁড়ে। পুলিশের সাথে গুলি বিনিময়ের পূর্বে সন্ত্রাসী উভয় গ্রুপের ৬ জন আহত হয়। পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের বারই চতল এলাকায় সন্ত্রাসী ফারুক গ্রুপ ও সবুজ গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বুধবার সন্ধ্যার পর ধাওয়া, পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বন্দুকযুদ্ধ শুরু হয়। বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি ছুঁড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।