তাদের ভাগ্যের চাকা যেন আর অচল না হয়

আপডেট : ২৩ মে ২০১৩, ২১:৫৮
গত ২৪ এপ্রিল সাভারে ঘটে গেলো স্মরণকালের ভয়াবহ ঘটনা। বাংলাদেশে এ রকম ঘটনা এর আগেও অনেক ঘটেছে কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ আমরা দেখিনি। লঞ্চ ডুবি, সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, ভবনে আগুন, ভবন ধস এসব দুর্ঘটনায় মানুষের মৃত্যু আমাদের পরিচিত ঘটনা। প্রথম কয়েকদিন আলোচিত হয়, পরে সব বিস্মৃত হয়ে যায়। না। এ ঘটনা বিস্মৃত হতে দেয়া যাবে না। ভুলে গেলে এর পুনরাবৃত্তি আবার হবে। সারাদেশবাসীই যেন মনে রাখে এর একটা সুষ্ঠু-সুন্দর-ন্যায় ব্যবস্থা করা প্রয়োজন। সেজন্য রানা প্লাজাস্থলে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হোক। যাতে স্মৃতিসৌধটি দেখলেই চোখের সামনে ভেসে ওঠে বীভত্স এই ঘটনার কথা। সেই সঙ্গে গার্মেন্টসের আর একটি কর্মীও যেন নির্যাতিত, নিগৃহীত, অনিরাপদ না হয় সেই ব্যবস্থা করা উচিত। মালিকদের প্রতি কড়া নির্দেশ জারি করতে হবে যেন ১ থেকে ৫ তারিখের মধ্যে বেতনভাতা পরিশোধ করা হয়। ৮ ঘণ্টার বেশি পরিশ্রম করলে অতিরিক্ত মজুরি যথাযথভাবে দেয়া হয় এবং শ্রমিকদের জন্য যে আইন বলবত্ আছে তা যেন কার্যকর করা হয়। কোনো মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না করলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। যে শ্রমিকরা দেশের চাকা সচল রাখে তাদের ভাগ্যের চাকা যেন আর অচল না হয়। জহিরুল মামুন ,ঘুনিপাড়া, নাগরপুর, টাঙ্গাইল।