কুমিল্লায় ভুয়া ক্লিনিক থেকে চুরি হওয়া বাচ্চা উদ্ধার গ্রেফতার এক

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:২৭
কুমিল্লার বুড়িচংয়ের ‘নাছরিন মেডিকেল হল’ নামে একটি ভুয়া ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গতকাল বৃহস্পতিবার ভোরে ওই ক্লিনিকের মালিক ভুয়া চিকিত্সক নাছরিনকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। পুলিশ ও প্রসূতির স্বজনরা জানায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝুমুর গ্রামের রাশেদ মিয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রী রাশেদা আক্তারকে (২৭) গত ১৯ মে সকালে ময়নামতি সাহেবের বাজারস্থ ডা. নাছরিন মেডিকেল হল ক্লিনিকে ভর্তি করে। পরদিন সকালে রাশেদা আক্তার একটি কন্যা সন্তান প্রসব করে। সময়মত মেডিকেল হলের দাবিকৃত টাকা পরিশোধ না করার কারণে নবজাতকটিকে গোপনে মেডিকেল হলের কথিত চিকিত্সক নাছরিন ও তার স্বামী অন্যত্র পাচার করে দেয়। বিষয়টি তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান লালন হায়দারসহ এলাকার সর্দার মাতব্বরদের অবহিত করেন। পরে প্রসূিত রাশেদা আক্তারের স্বামী রাশেদ মিয়া বুড়িচং থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ গত বুধবার গভীর রাতে উপজেলার ময়নামতি এলাকা থেকে চুরি হওয়া নবজাতক কন্যা শিশুটি উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া নবজাতক ও তার মাকে ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।