চাঁই বুনে সচ্ছল রামকৃষ্ণপুরবাসী

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:৩৫
মাছ ধরার সবচেয়ে পুরনো ও আদি উপকরণগুলোর একটি হচ্ছে চাঁই। আর এই চাঁই বুনে (তৈরি করে) সচ্ছল হয়েছে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের প্রায় সকল (৮০ ভাগ) বাসিন্দা। রামকৃষ্ণপুর গ্রামে গিয়ে দেখা যায়, এই গ্রামের ১০ বছর বয়সী শিশু থেকে শুরু করে আবাল-বৃদ্ধ-বনিতা সকলে মিলে চাঁই বুনছেন। কেউ বাঁশ কাটছে, কেউ শলা তুলছে, কেউ শলা চাঁছছে আবার কেউবা ব্যস্ত চাঁই বুনা ও বাধার কাজে। ঘরের বারান্দা, উঠান, গাছের ছাঁয়ায় যে যেখানে পারে সেখানে বসেই চাঁই বুনার কাজ করছেন। রামকৃষ্ণপুর গ্রামের প্রায় ২০০টি পরিবারের মধ্যে ১ শত ৫০টি পরিবারের শিশু, নারী ও পুরুষ জড়িত চাঁই বুনার কাজে। প্রায় ২০ বছর ধরে এই গ্রামে চাঁই বানানোর কাজ চললেও ব্যাপকভাবে শুরু হয়েছে ৩/৪ বছর যাবত্। রামকৃষ্ণপুরের আঃ রব মাদরব, লাল মিয়া মাদবর, দুলাল সরদার, তোতা মিয়া খান, মোমিন বেপারি, ঠান্ডু দেওয়ান, রিপন মাদবরসহ ২০/২৫ জন লোক বাণিজ্যিক ভিত্তিতে তাদের বাড়িতে চাঁই বুনার প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ সকল ব্যবসায়ী মূলধন খাটিয়ে গ্রামের সকল দরিদ্র পরিবারকে সম্পৃক্ত করেছেন চাঁই বানানোর কাজে। প্রতি সপ্তাহে এই গ্রামে ৫/৬ হাজার চাঁই উত্পাদন করা হয়। চাঁইগুলো প্রতি বৃহস্পতিবার বিক্রি হয় স্থানীয় কাজীর হাটে। জেলার চাহিদা পূরণ করে মুন্সীগঞ্জ, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর ও বরিশালের পাইকারদের কাছে বিক্রি করা হয় এই চাঁই। চাঁই তৈরির জন্য তল্লাবাশ সবচেয়ে বেশি উপযোগী। এই বাঁশ যশোর থেকে আনা হয়। প্রতিটি বাঁশে ৬টি চাঁই হয়। প্রতি ১০০টি চাঁই বানাতে খরচ হয় ১০ হাজার টাকা। বিক্রি হয় ১৫ থেকে ১৭ হাজার টাকা। শ্রমিকরা প্যাকেজ আকারে চাঁই বানানোর কাজ করে। প্রতি শ্রমিক গড়ে দৈনিক আয় করে ২০০ টাকা। রামকৃষ্ণপুর গ্রামের বাইরেও মানিক নগর, ডুবিসায়বর ও মোল্যাকান্দি গ্রামের ৩/৪ শত লোক চাঁই বুনার ছুটা শ্রমিক হিসেবে কাজ করে । মাঘ মাস থেকে এই গ্রামে চাঁই বুনার কাজ শুরু হয়। চলে আশ্বিন মাস পর্যন্ত। চাঁই বুনন শ্রমিক শহিদুল কাজী ও তার স্ত্রী রুজিনা বেগম বলেন, আমরা স্বামী-স্ত্রী রাত-দিন চাঁই বুনি। সপ্তাহ শেষে আমরা ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা পাই। বছরের ৯ মাস চাঁই বুনার কাজ করে আমরা ভালো আছি। আমাদের সংসারে অভাব নাই। নিলুফা বেগম (৩৮) বলেন, আমি প্রতিদিন ১০০টি করে পাড় বাধাই করি। প্রতিটিতে ২ টাকা করে পাই। রোজ ২০০ টাকা আয় করে আমি খুব সচ্ছল ভাবে দিন কাটাই। বড়কান্দি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরদার জানান, রামকৃষ্ণপুর গ্রামের চাঁই তৈরির উদ্যোক্তাদের সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা গেলে তারা আরো লাভবান হতে পারতো। এই শিল্পকে এগিয়ে নেয়ার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা একান্ত প্রয়োজন বলেও তিনি জানান।