আশি বছর বয়সে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে রেকর্ড গড়েছেন জাপানি পর্বতারোহী ইউইচিরো মিউরা। এ বয়সে কোনো ব্যক্তির এটাই প্রথম এভারেস্ট জয়। তবে তার এভারেস্ট জয়ের ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও দুই দুইবার তিনি এ অসাধ্য সাধন করেছেন। ইউইচিরো মিউরার নিজস্ব ওয়েবসাইটে বলা হয়, তিনি ও তার অভিযাত্রী দল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় এভারেস্টের সর্বোচ্চ শিখরে ওঠেন। খবর এএফপির।
মিউরা তার ওয়েবসাইটে লেখেন, আমার নিজেকে বিশ্বের সবচে সুখী মানুষ বলে মনে হচ্ছে। ৮০ বছর বয়সে আমি কীভাবে এটা করতে পারলাম। আমার জীবনে কখনো এ ধরনের অনুভূতি আগে আসেনি। তবে আমি কখনো এতো ক্লান্ত হইনি। মিউরা এর আগে ২০০৩ সালে ৭০ বছর বয়সে আট হাজার ৮৫০ মিটার উচ্চতার এভারেস্ট শৃঙ্গ জয় করে রেকর্ড গড়েছিলেন। ২০০৭ সালে জাপানের কাটসুসুকে ইয়ানাগিসাওয়া ৭১ বছর বয়সে এভারেস্ট জয় করে মিউরার রেকর্ড ভেঙ্গে দেন। এরপর তিনি ২০০৮ সালে ৭৫ বছর বয়সে এভারেস্টে আবারো রেকর্ড গড়েন। তবে নেপালের মিন বাহাদুর শেরচান ২০০৮ সালে ৭৬ বছর বয়সে এভারেস্ট জয় করে আবার মিউরার রেকর্ড ভেঙ্গে দেন। এ প্রেক্ষাপটে মিউরা তার হারানো গৌরব ফিরে পেতে মনে মনে সংকল্প আঁটতে থাকেন। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকালে আবারো তিনি তার বিশ্ব রেকর্ডের স্বপ্ন পূরণ করলেন।
