রানা প্লাজা ধসের এক মাস আজ

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:৩৭
২৪ এপ্রিল বুধবার। হরতালের দিনে খুব সকালে সাভারের রানা প্লাজার গার্মেন্টস কর্মীরা তাদের কর্মস্থলে আসতে শুরু করেছেন দুরু দুরু বুক নিয়ে। আগের দিন ভবনটিতে ফাটল দেখা দেয়ায় অনেকের মনে শংকা বিরাজ করছিলো। ভবনের গেট পর্যন্ত এসে অনেকের পা আটকে যায়। অনেকে ভেতরে যেতে চাননি। আগের দিন ভবনটিতে ফাটল ধরায় এ আতংক। আবার ভবন মালিক সোহেল রানা সবাইকে বাধ্য করে কারখানায় গিয়ে কাজে যোগ দিতে। সেখানে অবস্থিত গার্মেন্টস কারখানাগুলোর মালিকরা শিপমেন্টকে সামনে রেখে কাজ চালিয়ে যেতে আদেশ দেয় কর্মকর্তাদের। চাকরি হারানোর ভয়ে শ্রমিকরা উঠে যান উপরের তলাগুলোতে। কিন্তু এগারশ’র বেশি মানুষ জানতো না এটাই তাদের শেষ যাওয়া। সকাল ৯টার দিকে ৯তলা রানা প্লাজা ধসে পড়ে কর্মরত শ্রমিকদের উপর। কেউ কেউ জীবন নিয়ে ফিরতে পারলেও তাদের সহকর্মীদের রেখে আসেন চাপা পড়া ভবনের নীচে। গোটা জাতিকে স্তব্ধ করে দেয়া ঘটনা রানা প্লাজা ধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছিলো আজ থেকে ঠিক এক মাস আগে। ধসে পড়ার আগের দিন ভবনের তৃতীয় তলার পিলারে ফাটল দেখা দেয়। তখনই কর্তৃপক্ষ ওই ভবনে থাকা চারটি গার্মেন্টসে ছুটি দিয়ে দেয়। মার্কেটও বন্ধ করে দেয়া হয়। ওই দিনই বেলা ১২টার দিকে পৌর মেয়র, থানা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতনরা ওই ভবনে যান। সবাই দেখে ভবনটি বন্ধ রাখার পক্ষে মত দেন। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ কর্তৃপক্ষ ভবনটি পরীক্ষ করে কাজ বন্ধ রাখতে বলেন। সেখানে অবস্থিত একটি বেসরকারি ব্যাংকের শাখার কর্মকাণ্ডও গুটিয়ে নেয়া হয়। কিন্তু সন্ধ্যায় রাজ্জাক নামে এক প্রকৌশলীকে ডেকে আনেন মালিক সোহেল রানা। ওই প্রকৌশলী বলেন, এ ফাটলে কোন সমস্যা নেই। ভবনে কাজ করা যাবে। পরে রাতেই থানা নির্বাহী কর্মকর্তা তার সুর বদল করে বলেন, ভবনে কাজ চলতে পারে। রাতেই সোহেল রানার সিদ্ধান্তে গার্মেন্টসের সব শ্রমিককে পরদিন কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়। সকাল ৯টার ঠিক কয়েক মিনিট আগে বিদ্যুত্ চলে যায়। ভবনের উপরে সেট করা বিশাল জেনারেটর চালু করে কর্তৃপক্ষ। এই জেনারেটর চালুর সময় একটা ঝাঁকুনি দিয়েই হুড়মুড় করে ধসে পড়ে ৯তলা এ ভবনটি। ভবনের বেইজমেন্টে মার্কেটের অফিস ও গ্যারেজ, নিচতলায় ব্রাক ব্যাংকের এটিএম বুথ ও বিভিন্ন আইটেমের দোকান, দোতলায় ব্র্যাক ব্যাংকের শাখা ও ফাস্টফুডের দোকান এবং বিভিন্ন আইটেমের দোকান। তৃতীয় তলায় নিউ ওয়েভ বাটন লিমিটেড, ৪ ও ৬ তলায় ইথার টেক্স লিমিটেড, ৫ম তলায় বারটেক্স লিমিটেড এবং ৭ ও ৮ম তলায় নিউ ওয়েভ স্টাইল লিমিটেড নামে একটি গার্মেন্টস ছিল। টানা ২১ দিন উদ্ধার অভিযান শেষে এ ভবন ধসে নিহতের সংখ্যা দাঁড়ায় এক হাজার ১২৭ জন। ২৯১টি মৃতদেহ এখনো শনাক্ত করা যায়নি। ৩১৬ জন নিখোঁজের তালিকা তৈরি করেছে স্থানীয় প্রশাসন। জীবিত উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৮ জনকে। এদের মধ্যে অকেইে চিরতরে তাদের কর্মক্ষমতা হারিয়েছেন। হাত-পা হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছেন অনেকেই। আহতদের চিকিত্সার জন্য অর্থ সংগ্রহ, রক্তদান, ভেতরে আটকা পড়াদের জন্য খাবারসহ চিকিত্সা সামগ্রী, স্বেচ্ছাসেবীর কাজ প্রভৃতি করে অনেকে অনুপ্রেরণা জুগিয়েছেন জাতিকে। এছাড়া ঘটনার পর পর বেসরকারি এনাম মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ আহতদের চিকিত্সা দিয়ে যে উদাহরণ তৈরি করেছে তা অনুকরণীয় হয়ে থাকবে।