সফটওয়ার কিনে তা ব্যবহার না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার কোটি টাকা গচ্ছা গেছে। রাস্ট্রীয় এ সংস্থার ককপিট ও কেবিন ক্রুদের দায়িত্ব বন্টনের কাজ স্বয়ংক্রিয় করার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান এইমস্’র কাছ থেকে প্রায় এক যুগ আগে এই সফটওয়ার কেনে বিমান। এর জন্য বিমানকে চার কোটি টাকা শোধ করতে হয়। কিন্তু এই স্বয়ংক্রিয় ব্যবস্থা অদ্যাবধি ব্যবহার তো দূরের কথা কম্পিউটারাইজড এই পদ্ধতি চালুও করা হয়নি। ক্রুদের দায়িত্ব বন্টনের কাজ অদ্যাবধি সনাতন (ম্যানুয়াল) পদ্ধতিতেই করা হচ্ছে। এ নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, পৃথিবীর সব এয়ারলাইন্স আধুনিক প্রযুক্তির সাহায্যে ক্রুসহ সকল কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব বন্টন করে থাকে। সফটওয়ারের সাহায্যে ক্রুদের দায়িত্ব বন্টনের কাজ করলে কোন কারচুপির সুযোগ থাকে না। কিন্তু বিমানের সংশ্লিষ্ট একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর চাপে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হয়নি। দীর্ঘদিন চালু না করে অযন্তে ফেলে রাখায় সে সময় কেনা সফটওয়ারটি ইতিমধ্যে অকেজো হয়ে গেছে।
বিমানের উচ্চপর্যায়ের সাম্প্রতিক রদবদলের পর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বর্তমান ডিজিটাল ব্যবস্থার যুগে বিমানের দায়িত্ব বন্টনসহ বিভিন্ন কাজ সম্পাদনে সনাতন পদ্ধতি অনুসরণ করায় ক্ষুব্ধ। ইতিমধ্যে নতুন করে অত্যাধুনিক সফটওয়ার কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। পৃথিবীর ১৫টি প্রতিষ্ঠান বিমানের কাছে সফটওয়ার বিক্রির জন্য আগ্রহ দেখিয়েছে। এ নিয়ে বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন চলছে।
