হরতাল ও সংসদ বর্জন বন্ধে আইন প্রণয়নের দাবি

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:৩৮
চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামা‘আত আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা আইন প্রণয়ন করে হরতাল ও সংসদ বর্জনের সংস্কৃতি বন্ধ করার দাবি জানিয়েছেন। ইতিপূর্বে ঘোষিত ১২ দফা দাবির প্রতি সমর্থন আদায়ে ও প্রয়োজনীয় সংস্কার আনার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক অধিকারের নামে চলা অত্যন্ত সস্তা রাজনৈতিক কর্মসূচি হরতালের ব্যাপক অপব্যবহার বন্ধে সরকার ও বিরোধী দলগুলোকে মতৈক্যে পৌঁছে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। একই সাথে তারা সংসদ বর্জন বন্ধে আইন করার দাবি জানিয়ে বলেন, সংসদ বর্জন করা হলে বেতন ভাতা ও সুযোগ-সুবিধা নেয়া যাবে না। এছাড়া হরতালে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতিসহ মানুষের জান-মালের ক্ষতি হলে সংশ্লি¬ষ্টদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে আইনি ব্যবস্থা নেয়ার দাবি করা হয়েছে সভায়। মাওলানা এমএ মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভার শুরুতে ১২ দফা দাবির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে বক্তব্য দেন সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুল হক, ডা. এম এ মান্নান, বিএমএ নেতা ডা. সৈয়দ দিদারুল মুনির রুবেল, সাংবাদিক স ম ইবরাহিম প্রমুখ। ড. সেকান্দর চৌধুরী সভায় কওমি মাদ্রাসাকে সরকারি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার সংস্কারের তাগিদ দেন। হেফাজতের মতো আহলে সুন্নাত যেন কোন রাজনৈতিক শক্তির ছাতার নিচে চলে না যায় সে ব্যাপারেও তিনি নেতৃবৃন্দকে সজাগ থাকার অনুরোধ জানান। এডভোকেট কামাল উদ্দিন আহমদ বলেন, ভারত-পাকিস্তানে হরতাল নিষিদ্ধ। আমাদের দেশেও দেশ ও মানুষের স্বার্থে হরতাল নিষিদ্ধ করতে হবে। ডা. এম এ মান্নান বলেন, শান্তিপ্রিয় মানুষ ও সুশীল সমাজ উগ্র ধর্মীয় তত্পরতার বিরুদ্ধে প্রতিবাদী না হলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে।