গত ২৪ ঘন্টায় টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। শহর ও শহরতলীর অনেক এলাকাই এখন পানির নিচে। তবে সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে ডিএনডি বাঁধের ভেতরে। সেখানে জমে রয়েছে ২ থেকে ৩ ফুট পানি। এতে জেলায় পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ।
এদিকে ডিএনডির পানি দ্রুত নিষ্কাশনের দাবিতে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল, চৌধুরীবাড়ি, এনায়েতনগর, জেলেপাড়াসহ বিভিন্ন এলাকার পানিবন্দি কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। জেলেপাড়া এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে রেখে অবরোধ করেন এলাকাবাসী।
ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি মহাসেনের প্রভাবে প্রবল বৃষ্টির কারণে ডিএনডির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিলেও কর্তৃপক্ষ পাম্পগুলো সচল না রাখায় বৃহস্পতিবারের বৃষ্টিতে জলাবদ্ধতা আরো বেড়ে যায়। এতে পানিবন্দি মানুষের দুর্ভোগ কয়েকগুণ বৃদ্ধি পায়।
বিক্ষোভের কথা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, এলাকাবাসীকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। ওই সকল এলাকার পাম্পগুলো সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
তবে শিমরাইলের ডিএনডি পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার পাম্প বন্ধের অভিযোগ অস্বীকার করে জানান, ৪টি বড় পাম্প চালু থাকার পাশাপাশি ৫ কিউসেকের আরো ২২টি ছোট পাম্প চালু রয়েছে। শিগগিরই অবস্থার উন্নতি হবে বলে তিনি আশা করছেন।
তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, টানা বর্ষণে ৫৬ বর্গকিলোমিটার এলাকার ডিএনডি বাঁধের (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ) অভ্যন্তরে বিভিন্ন নিম্নাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় দেখা দিয়েছে কৃত্রিম বন্যা। বিশেষ করে সদর উপজেলার ফতুল্ল¬ার রামারবাগ, সস্তাপুর, কায়েমপুর, চাঁনমারি, ইসলামবাগ, শহীদ নগর, মাসদাইর, ইসদাইর, গাবতলী, এনায়েত নগর, তল্ল¬া, চাঁদমারী, কুতুবপুর, পাগলা, দেলপাড়া, আলীগঞ্জ, দাপা, পিলকুনি, ভুঁইগড়, রঘুনাথপুর, কুতুবআইল, নয়াআটি, লামাপাড়া, সিদ্ধিরগঞ্জের পাঠান টুলি, গোদনাইল, ধনকুন্ডা, জালকুড়ি, তালতলা, মধুগড়, নয়াপাড়া, কদমতলী, মিজমিজি, বাতান পাড়া, পাইনাদী, পাইনাদী নতুন মহল্ল¬া, হিরাঝিল, ধনুহাজী রোড, কান্দা পাড়া, সাহেব পাড়া, সানারপাড়, নিমাই কাশারী, বাঘমারা ও মৌচাকে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া ডিএনডি বাধের অভ্যন্তরের ডেমরার কুতুব খালী, রায়েরবাগ, মাতুয়াইল, মৃধাবাড়ি, আমতলা, মাইঝগাঁও, কোনাপাড়া, ডগাইর, দেইলা, টেংরা, হাজী নগর, রসুল নগর, সারুলিয়া, বকস নগর, শ্যামপুরের দনিয়া, তুষার ধারা, গিরিধারা, শান্তিধারা, মেরাজ নগর, গোবিন্দপুর, রসুলপুর, নিশ্চিন্তপুর, দৌলতপুর, মুন্সিবাগ ও আদর্শ নগর এলাকার নিম্নাঞ্চলে পানি জমে যাওয়ায় নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তবে এই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দৃশ্যমান কোন উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী একাধিক ব্যক্তি।
