যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জে বহুল প্রত্যাশিত ড. ওয়াজেদ মিয়া সেতুর উদ্বোধন করবেন। সেতুটি চালু হলে উত্তর জনপদের গাইবান্ধা, রংপুর, দিনাজপুর জেলার সাথে সড়ক পথে প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব কমে আসবে। ১৯৯৯ সালে তত্কালীন যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
গতকাল বিকেলে সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন যোগাযোগ মন্ত্রী। পরিদর্শনকালে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক এ সেতু আগামী মাসের মধ্যে প্রধানমন্ত্রী নিজেই উদ্বোধন করবেন। এ সেতু উদ্বোধনের পর পীরগঞ্জবাসীর সামনে নতুন দিগন্তের সৃষ্টি হবে।
করতোয়া নদীর উপর কাঁচদহ ঘাটে সেতুটি নির্মাণে ব্যয় হচ্ছে ২১ কোটি টাকা। সেতুটির দৈর্ঘ্য ২৭৮ মিটার (সংশোধিত প্রস্তাবিত ৩০৩ মিটার), প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ময়েন উদ্দিন বাশি’র প্রজেক্ট ম্যানেজার সৈয়দ ইমতিয়াজ হোসেন রতন জানান, গত ২১ ফেব্রুয়ারি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল সেতু সাইট পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দল জানান যে, প্রধানমন্ত্রী সেতুটি উদ্বোধনের সদয় ইচ্ছে প্রকাশ করেছেন। সে মোতাবেক ৩০ এপ্রিলের মধ্যে সেতুর বাকি কাজ দ্রুত সম্পন্নের জন্য কর্মপরিকল্পনা প্রস্তুত ও বাস্তবায়ন করার নির্দেশ দেন। নির্দেশ মতে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক অর্থ ছাড় না দেয়া এবং নবাবগঞ্জ প্রান্তের ভূমি অধিগ্রহণ দ্রুত সম্পন্ন এবং সংশোধিত চুক্তি অনুমোদন করা না হলে পরিকল্পনা মোতাবেক সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে না।
সেতুর পশ্চিম প্রান্তে নবাবগঞ্জ এলাকায় সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের জন্য ১ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাবনা দিয়েছে বলে রংপুর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে।
যোগাযোগ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের এমপি আজিজুল হক চৌধুরী, সড়ক ও জনপথ রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হামিদুল হক, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক এডভোকেট তাজিমুল ইসলাম শামীম প্রমুখ। পরে মন্ত্রী পীরগঞ্জের ফতেপুরে ড. ওয়াজেদ মিয়া এবং রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহমেদের কবর জিয়ারত করেন।
