বাংলাদেশ বিনিয়োগের জন্য উত্তম জায়গা। আর সেটা যদি হয় ইসলামী ব্যাংক তাহলে তা অনেক ভাল বিনিয়োগের ক্ষেত্র। ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে দেয়ার বিষয়ে যে গুজব ছড়িয়েছে তা ঠিক নয়। ইসলামী ব্যাংক অত্যন্ত লাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে ব্যাংকটির কুয়েতি পরিচালক মোহাম্মেদ আব্দুল্লাহ্ আল জালাহমা গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেছেন। তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার বিক্রি করার প্রশ্নই আসে না।
ইসলামী ব্যাংকের কেন্দ ীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কুয়েতের মিনিস্ট্রি অব আওকাফ এন্ড ইসলামিক অ্যাফেয়ার্সের এ উপসচিব বলেন, শেয়ার বিক্রি বিষয়ে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে। এ বিষয়ে কিছু মিডিয়াও ভুল প্রতিবেদন করেছে। আমি কুয়েতের সবগুলো বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। তারা বিক্রি করার কোন পরিকল্পনার কথা জানাননি। বরং তারা আরও বেশি শেয়ার কিনছেন। কারণ এখান থেকে তারা যে পরিমাণ মুনাফা পান তা পৃথিবীর অন্য কোথাও বিনিয়োগ করে পান না। তিনি জানান, কুয়েতের তিনটি মন্ত্রণালয়সহ চারটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, কুয়েত ফাইন্যান্স হাউজ, মিনিস্ট্রি অব আওকাফ এন্ড ইসলামিক অ্যাফেয়ার্স (বর্তমানে কুয়েত আওকাফ্ পাবলিক ফাউন্ডেশন), মিনিস্ট্রি অব জাস্টিস-ডিপার্টমেন্ট অব মাইনর অ্যাফেয়ার্স ও পাবলিক ইন্সটিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি। ইসলামী ব্যাংকে এদের সম্মিলিত শেয়ার প্রায় ১৮ শতাংশ। এরমধ্যে ডিপার্টমেন্ট অব মাইনর অ্যাফেয়ার্সের শেয়ার মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ। এ প্রতিষ্ঠানটি শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি লিখেছিল বলে জানান জালাহমা। তবে তারা শেয়ার হস্তান্তরের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। যদি কোন কারণে তারা শেয়ার হস্তান্তর করেন তবে তা কোন কুয়েতি প্রতিষ্ঠানের কাছেই করবেন বলে জানান তিনি। তাই কুয়েতের কোন শেয়ার কমার কোন সুযোগ নেই। বরং দিনদিন কুয়েতের বিনিয়োগ বাড়ানো হবে বলে আশ্বাস দেন এই পরিচালক। গতকাল যখন সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন সেসময় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি ড. আরিফ সুলাইমান ও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
